Aaj India Desk, কলকাতা: বদলের বাংলার প্রথম বাজেট (First Budget Session) ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অনেক। সেই প্রত্যাশারই প্রতিফলন দেখা গেল ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট (Budget) ঘোষণায়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) এদিন ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি ২৯ লক্ষ টাকার বাজেট পেশ করেন। বাজেটে একের পর এক জনকল্যাণমূলক ঘোষণা সামনে আসতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে আলোচনা।
সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে আশাকর্মী, আইসিডিএস কর্মী এবং হোম গার্ডদের জন্য। আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের মাসিক পারিশ্রমিক বাড়িয়ে ৫ হাজার টাকা করার ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন। এবার নতুন সরকারের বাজেটে সেই দাবি পূরণ হল। অন্যদিকে হোম গার্ডদের মাসিক ভাতাও ২ হাজার টাকা বাড়ানো হয়েছে।
শিক্ষাক্ষেত্রেও বড় ঘোষণা করেছে সরকার। কলেজে পড়ুয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। শহরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ৪০০টি ‘মা আহার’ কেন্দ্র থেকে মাত্র ৫ টাকায় ডিম, মাছ, সবজি-সহ পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। এই পরিষেবা আরও বাড়াতে নতুন করে ২১০টি ‘মা আহার’ কেন্দ্র চালুর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
এছাড়াও প্রবীণ, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে তাঁদের মাসিক পেনশন ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। সরকারের দাবি, এই সিদ্ধান্তে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন। পরিকাঠামো উন্নয়নেও বড় ঘোষণা করা হয়েছে। কলকাতা বিমানবন্দরের পাশাপাশি কল্যাণীর কাছে একটি নতুন বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার কথাও এদিন বাজেটে জানানো হয়েছে।


