Aaj India Desk, কলকাতা : দুর্গাপুজোর আর মাত্র কয়েক মাস বাকি। কিন্তু মাটির তীব্র সংকটে রাজ্য জুড়ে কার্যত থমকে গিয়েছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাঙালির সেরা পুজো বন্ধ হওয়ার জোগাড়। ঘটনার প্রভাবে লোকভবনের দুর্গাপুজোর (Lok Bhavan Durga Puja) জন্য আসা প্রতিমা নির্মাণের ডাকও ফিরিয়ে দিলেন মৃৎশিল্পী প্রভাস চিত্রকর।
২০২২ সালে লোকভবনে দুর্গাপুজো (Lok Bhavan Durga Puja) শুরু হওয়ার পর থেকেই সেখানে প্রতিমা তৈরি করে আসছেন ডোমজুড়ের মৃৎশিল্পী প্রভাস চিত্রকর। প্রতি বছর তাঁর কর্মশালাতেই প্রতিমা নির্মাণ হয়ে লোকভবনে পৌঁছাত। তবে এ বছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। প্রভাসবাবুর দাবি, দীর্ঘদিন ধরে প্রতিমা তৈরির উপযুক্ত মাটির সরবরাহ বন্ধ থাকায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। ফলে লোকভবন কর্তৃপক্ষের অনুরোধ সত্ত্বেও এ বছর প্রতিমা তৈরির দায়িত্ব নিতে পারেননি তিনি।
তাঁর বক্তব্য, দুর্গা প্রতিমার কাঠামো তৈরি করে রাখা হয়েছে। কিন্তু মাটির প্রলেপ দেওয়ার মতো পরিস্থিতি নেই। কাজ বন্ধ থাকায় অধিকাংশ কারিগরও কর্মশালা ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন। সাধারণত এই সময়ের মধ্যে অন্তত ১৮ থেকে ২০টি প্রতিমার কাজ শুরু হয়ে যায়। কিন্তু চলতি বছরে একটি প্রতিমার কাজও স্বাভাবিক গতিতে এগোয়নি বলে জানান তিনি।
মাটির সংকটের জেরে শুধু লোকভবনের (Lok Bhavan Durga Puja) কাজ নয়, বিভিন্ন দুর্গাপুজো উদ্যোক্তার কাছ থেকে আসা অর্ডারও ফিরিয়ে দিতে হচ্ছে বলে জানান শিল্পীরা। প্রভাসবাবুর দাবি, প্রতি বছর লোকভবনে প্রতিমা পৌঁছে দেওয়ার পর তিনি নিজে গিয়ে প্রতিমা সাজানোর কাজও করেন এবং পুজোর সময় সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ পান। কিন্তু এ বছর সেই ধারাবাহিকতা ভেঙে যেতে পারে।
এই সমস্যা শুধু একজন শিল্পীর নয়। ডোমজুড়ের পটুয়াপাড়া-সহ কলকাতা বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা একই সমস্যার মুখোমুখি হয়েছেন। একাধিক কর্মশালায় প্রতিমা তৈরির কাজ প্রায় বন্ধ হয়ে রয়েছে।শিল্পীদের আশঙ্কা, মাটির সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে সময়ের অভাবে বহু প্রতিমার কাজ শেষ করা কঠিন হয়ে পড়বে। যার সরাসরি প্রভাব পড়তে পারে আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতিতে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন শিল্পীরা। তবে আদৌ এই বছর দুর্গা পূজার প্রতিমা সময়মতো তৈরি হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন বাঙালি।


