Aaj lndia Desk,কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সোমবারের বাজেটে বড় সুখবর আসতে পারে বলে জল্পনা। বিধানসভায় সোমবার রাজ্যের প্রথম নির্বাচিত বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটে সরকারি কর্মীদের জন্য ১০ থেকে ১২ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা হতে পারে।
এই বাজেটকে ঘিরে রাজ্যজুড়ে প্রত্যাশা অনেক বেশি। কারণ, ১৫ বছরের তৃণমূল শাসনের পর এটাই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। নির্বাচনের আগে বিজেপি সরকারি কর্মীদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে ছিল সপ্তম বেতন কমিশন দ্রুত কার্যকর করা এবং কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আশ্বাস।
বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারের তুলনায় প্রায় ৪২ শতাংশ ডিএ-র ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। তবে একসঙ্গে পুরো বকেয়া মেটানো সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। তাই ধাপে ধাপে সমাধানের পথ নেওয়া হতে পারে। প্রাথমিকভাবে ১০–১২ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে, এবং বাকি বকেয়া ডিএ আগামী কয়েক মাসে কিস্তিতে মেটানোর রোডম্যাপ বাজেটে দেওয়া হতে পারে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে ডিএ বাবদ মোট বকেয়া ছিল প্রায় ৪১,৭৭৭ কোটি টাকা। এর মধ্যে আগেই কিছু অংশ মেটানো হয়েছে, এখনও বাকি রয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বেশি। এই বিশাল অঙ্ক মেটানোর জন্য নবান্নে প্রায় ৪০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের কথাও আলোচনা চলছে বলে জানা গেছে।
ডিএ বৃদ্ধির পাশাপাশি বাজেটে রাজ্যের পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। রাস্তাঘাট, সেতু, শিল্প এবং উন্নয়নমূলক প্রকল্পে বড় বরাদ্দ থাকতে পারে। সব মিলিয়ে এই বাজেট রাজ্যের সরকারি কর্মী ও সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


