Aaj lndia Desk,হুগলি: পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উপলক্ষে এ বছর রাজ্যের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে হুগলির তারকেশ্বরে। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi)। তারকেশ্বরকে বেছে নেওয়ার পিছনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট।
ইতিহাস বলছে, ১৯৪৭ সালের ৫ এপ্রিল তারকেশ্বরের রাজবাড়ি মাঠে এক জনসভা থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথমবার পৃথক পশ্চিমবঙ্গ গঠনের দাবি তোলেন। তিনি বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার পক্ষে সওয়াল করেছিলেন। সেই কারণে পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাসে তারকেশ্বরের বিশেষ গুরুত্ব রয়েছে। একাংশের মতে, পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠান তারকেশ্বরে আয়োজন করা সেই ঐতিহাসিক ঘটনাকেই স্মরণ করার প্রয়াস।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ২০ জুনকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী, এ বছরও রাজ্যজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বাংলায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তিনি লেখেন, সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও সমাজ সংস্কার-সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান ভারতের ইতিহাসকে সমৃদ্ধ করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন , ২০ জুন পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থাকার সিদ্ধান্ত নিশ্চিত হয়েছিল এবং এর পেছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাশাপাশি, ২০২৬ সালে তাঁর ১২৫তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে বলেও তিনি জানান।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের উন্নয়ন ও রাজ্যবাসীর সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে।


