Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে তৃণমুলের পক্ষ থেকে রাজ্যপালের ভাষণের উপর পাঁচটি সংশোধনী প্রস্তাব জমা দিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার সামাজিক মাধ্যমে একাধিক নথির ছবি প্রকাশ করে তিনি নিজেই এই তথ্য জানান। বিধানসভার নিয়ম অনুযায়ী বিরোধী দলের সদস্য হিসেবেও রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী আনার অধিকার রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
কী রয়েছে সংশোধনী প্রস্তাবে?
বৃহস্পতিবার ১৮তম বিধানসভার প্রথম বাজেট অধিবেশনে রাজ্যপাল আরএন রবি প্রায় ২০ পৃষ্ঠার উদ্বোধনী ভাষণ দেন। সেখানে নতুন সরকারের প্রথম দেড় মাসের কাজের উল্লেখের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখাও তুলে ধরা হয়। এই বাজেট অধিবেশন চলবে ২৫ জুন পর্যন্ত এবং ২২ তারিখ অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন।
তবে তার আগে রাজ্যপালের সেই ভাষণের বিভিন্ন অংশে সংশোধনের প্রস্তাব দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, বিশেষ করে নারীকল্যাণ ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা আরও বিস্তারিতভাবে উল্লেখ করা প্রয়োজন।
নারী ক্ষমতায়নের সাফল্য তুলে ধরার দাবি
সংশোধনী প্রস্তাবে কুণাল ঘোষ (Kunal Ghosh) উল্লেখ করেছেন, গত দেড় দশকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তাঁর মতে, রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পের প্রভাব রাজ্যপালের ভাষণে আরও স্পষ্টভাবে প্রতিফলিত হওয়া উচিত।
তিনি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো উদ্যোগের উল্লেখ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, এই প্রকল্পগুলির মডেল অনুসরণ করে দেশের একাধিক রাজ্যও অনুরূপ প্রকল্প চালু করেছে।
সামাজিক মাধ্যমের পোস্টে কুণাল ঘোষ জানান, বিরোধী দলের বিধায়ক হিসেবেই তিনি এই সংশোধনী প্রস্তাবগুলি জমা দিয়েছেন। বিধানসভার প্রচলিত নিয়ম অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এখন সংশোধনী প্রস্তাবগুলি নিয়ে বিধানসভায় কী ধরনের আলোচনা হয় এবং সেগুলি গ্রহণ করা হয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


