Aaj lndia Desk,কলকাতা:আজ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) । এই উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, সাহিত্য, সঙ্গীত, শিল্প, বিজ্ঞান, ব্যবসা ও সমাজ সংস্কারে পশ্চিমবঙ্গের অবদান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ২০ জুন পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি বিশেষ দিন। কারণ, এই দিনেই ঠিক হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবেই থাকবে। এই সিদ্ধান্তের পিছনে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বড় ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বাংলার উন্নয়ন ও মানুষের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, পশ্চিমবঙ্গ সংস্কৃতি, জ্ঞান, আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের অন্যতম কেন্দ্র। দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ সব ক্ষেত্রেই বাংলার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বেই পশ্চিমবঙ্গ গঠনের পথ তৈরি হয়েছিল।অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স-এ দেওয়া পোস্টে বলেন, বহু বছর পর এবার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, আগের সরকার ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে এই দিনের গুরুত্ব তুলে ধরেনি।
শুভেন্দু আরও বলেন, দেশভাগের সময় পুরো বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হয়েছিল। সেই সময় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর বিরুদ্ধে আন্দোলন করেন। তাঁর প্রচেষ্টার ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে গড়ে ওঠে। পাশাপাশি স্বামী প্রণবানন্দ মহারাজ এবং তৎকালীন আইনসভার সদস্যদের অবদানও স্মরণ করেন তিনি।


