Aaj India Desk, কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) কোথায় আছেন এবং কেন তিনি পুলিশি হাজিরা দিচ্ছেন না-এই প্রশ্ন ইতিমধ্যেই তুলেছে কলকাতা হাইকোর্টও (Calcutta High Court)। বিচারপতির পর্যবেক্ষণের পর বিষয়টি নিয়ে আরও চাপের মুখে পড়েছেন তিনি। এর মধ্যেই নতুন করে আরও চাপে পড়লেন অরূপ বিশ্বাস, কারণ লিওনেল মেসি (Lionel Messi)-এর তরফ থেকে এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে একটি চিঠি এসেছে, যা পাঠিয়েছে মেসির টিম।
কি কি অভিযোগ মেসির টিমের?
মেসি যেদিন কলকাতায় এসেছিলেন, সেদিন তাঁকে দেখার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শকের ভিড় হয়েছিল। কিন্তু অভিযোগ, তৎকালীন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর সঙ্গে থাকা কয়েকজন মিলে মেসিকে এমনভাবে ঘিরে ফেলেন, যাতে সাধারণ দর্শকেরা তাঁকে ঠিকভাবে দেখতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে তখনই দর্শকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পরে অরূপ বিশ্বাস ও মেসির একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় মন্ত্রী মেসির কাঁধ ও পেটে হাত দিয়ে পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন।
এই ঘটনাকে ঘিরে আগেও থানায় অভিযোগ উঠেছিল। এবার সরাসরি মেসির টিমের পক্ষ থেকেই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে দাবি করা হয়েছে, মাঠে মেসির সঙ্গে আচরণ প্রোটোকল অনুযায়ী হয়নি। সাধারণ নিয়ম অনুযায়ী, মেসিকে কেউ সরাসরি স্পর্শ করতে পারেন না-শুধু দূর থেকে দেখার ব্যবস্থা থাকে। কিন্তু অভিযোগ, সেই নিয়ম ভেঙে তৎকালীন ক্রীড়া মন্ত্রী খুব কাছ থেকে তাঁর সঙ্গে ছবি তোলেন এবং শারীরিকভাবে ঘনিষ্ঠ হন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, মাঠে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে ছিল না, অনেকেই নিরাপত্তা ভেঙে ভিতরে ঢুকে পড়েন। এর ফলে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। পুরো ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির অভিযোগও তোলা হয়েছে মেসির টিমের পক্ষ থেকে।


