Aaj India Desk, কলকাতা: তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল (TMC) নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)-কে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। তবে এখনও পর্যন্ত তাঁর স্ত্রী ইন্দিরা দত্তে (Indira Dutta)-এর কোনও খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব্যসাচীর নামে থাকা মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর মধ্যে একটি অ্যাকাউন্ট তাঁর স্ত্রী ইন্দিরা দত্তের সঙ্গে যৌথ নামে রয়েছে। এই পাঁচটি অ্যাকাউন্টে মোট প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা রয়েছে বলে তদন্তকারীদের দাবি।
এছাড়াও, সব্যসাচীর নামে থাকা দুটি ব্যাঙ্ক লকারেরও খোঁজ মিলেছে। সেখানে মূল্যবান গয়না বা অন্য কোনও সম্পত্তি থাকতে পারে বলে মনে করছে পুলিশ। এর আগে সব্যসাচীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কেজি সোনা কেনার কিছু নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল। তদন্তে আরও জানা গিয়েছে, নিউটাউনে তাঁর আরও একটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি, একটি স্করপিও গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
মঙ্গলবার সব্যসাচীর শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটায় তল্লাশি চালানো হয়। তবে সেখান থেকে কোনও গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে। বুধবার সব্যসাচী দত্তকে আবার বিধাননগর আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।
উল্লেখ্য, গত ৮ জুন গভীর রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ সব্যসাচী দত্তকে গ্রেফতার করে। ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়। অভিযোগ, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে রাজারহাট-নিউটাউন এলাকার প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা তোলাবাজি করেছিলেন। যদিও সব্যসাচী এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশও সব্যসাচীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় কয়েকজন দোকানদারের অভিযোগ, তাঁদের কাছ থেকে প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকা করে তোলা নেওয়া হত। সব্যসাচী গ্রেফতার হওয়ার পর এলাকায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভও দেখা যায়। কয়েকটি ঘটনায় তাঁকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।


