ইসলামাবাদ: শুক্রবার রাতে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়ার একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে ভয়াবহ হামলা। প্রো-সরকারপন্থী কমিউনিটি নেতা নূর আলম মেহসুদের বাসভবনে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা (Suicide Bombing) হামলায় মৃত প্রায় ৭, আহত কমপক্ষে ২৫। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িটির একাংশ। ধ্বংসস্তূপের মধ্যে রক্তের দাগ।
নিহতদের মধ্যে একজন ছিলেন ‘গুড তালিব’
জানা গিয়েছে, হামলার সময় বিয়েবাড়িতে উপস্থিত অতিথিরা নাচগানে মেতে ছিলেন। আচমকা কানফাটানো শিব্দে কেঁপে ওঠে এলাকা। শক্তিশালী বিস্ফোরণে কমিউনিটি নেতার বাড়ির ছাদ ধ্বসে পড়ে। মুহূর্তেই সব যেন ওলটপালট হয়ে যায়। ধ্বংসস্তূপের ভিতরে চাপা পড়েই মারা যান অনেকে। পাকিস্তানের (Pakistan) কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ছিলেন ‘গুড তালিব’। অর্থাৎ, তিনি রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করা একজন জঙ্গি ছিলেন। বাকি নিহতেরা তাঁরই স্বজন ছিলেন বলে জানানো হয়েছে।
বিস্ফোরণের পেছনে কারা?
সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই হামলার দায় নেয়নি। তবে সন্দেহের তালিকার শীর্ষে রয়েছে তেহেরিক-ই-তালিবান পাকিস্তান বা TTP। সাম্প্রতিককালে পাকিস্তানের একাধিক জায়গফায় বিস্ফোরণ ঘটিয়েছে ‘আফগান মদতপুষ্ট’ জঙ্গি গোষ্ঠী হিসেবে পরিচিত তেহেরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখোয়ারই বান্নু জেলায় সশস্ত্র বাহিনীর হামলায় একটি শান্তি কমিটির চার সদস্যের মৃত্যু হয়। এর আগে ২০২৫ সালের নভেম্বরে একই প্রদেশে শান্তি কমিটির একটি কার্যালয়ে হামলায় সাতজন নিহত হয়েছিলেন।


