কলকাতা: মেসি কান্ডের মামলায় অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। মেসিকে জড়িয়ে ধরার প্রসঙ্গ টেনে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু যে তাঁকে এভাবে জড়িয়ে ধরেছিলেন? তিনি মেসির অত কাছে গেলেন কেন?” বিচারপতি আরও বলেন, “এই ঘটনায় আমরা অত্যন্ত লজ্জিত। সমগ্র বিশ্বের কাছে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে”। তবে ভর্ৎসনা এবং নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখা ছাড়া মোটের উপর মেসি কান্ডে সাময়িক স্বস্তিই পেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এখনই গ্রেফতারির মত কড়া নির্দেশ দিল না আদালত।
“হাজিরা কেন এড়িয়ে যাচ্ছেন অরূপ?”
প্রসঙ্গত, গত শনিবার বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে নিউ আলিপুরের বাড়িতে নোটিস পাঠিয়ে সোমবার সকাল ১১টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু বিকেল পর্যন্ত থানায় যাননি অরূপ। এর আগেও গত ৪ জুন হাজিরার জন্য নোটিস দিয়েছিল পুলিশ। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে যান অরূপ বিশ্বাস (Aroop Biswas) । মঙ্গলবার ভাই স্বরূপ বিশ্বাসকে নিয়ে নিউ আলিপুরের সাহাপুরে অরূপের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ। বারবার হাজিরা কেন এড়িয়ে যাচ্ছেন অরূপ বিশ্বাস?
বিচারপতির প্রশ্নের জবাবে অরূপের আইনজীবী বলেন, ডিম হামলার আশঙ্কা করে হাজিরা এড়িয়ে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এদিন ফের আদালতের রক্ষাকবচের আর্জি জানান অরূপের আইনজীবী। যার প্রেক্ষিতে সরকারি আইনজীবীর তরফে বলা হয়, “মামলাকারীর তুলনায় অভিযুক্তের প্রভাব অনেক বেশি। তদন্ত প্রভাবিত করতে পারেন তিনি।”
দুপক্ষের সওয়াল জবাব শেষে আদালত মেসি কান্ডে অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) শর্তসাপেক্ষে রক্ষাকবভ দেয়। আদালত স্পষ্ট জানিয়েছে, পুলিশের ডাকা নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে তাঁকে। পাশাপাশি তদন্তও চলবে নিজের গতিতে। ফলে আপাত স্বস্তি মিললেও আইনি চাপ পুরোপুরি কাটল না অরূপের। পরবর্তী শুনানি ৪ আগস্ট।


