মুর্শিদাবাদ: ফারাক্কার বিডিও অফিসে ভাঙচুরের (BDO Office Vandalise) ঘটনায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের (Manirul Islam) বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের ডিইও-কে দ্রুত এফআইআর দায়ের করার নির্দেশ দেয় কমিশন। অন্যদিকে, সম্প্রতি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বিএলও-দের আন্দোলন থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ফারাক্কা।
পরে এসআইআর-এর নামে ‘সাম্প্রদায়িক ভাগাভাগি’-র অভিযোগে সোচ্চার হন তৃণমূল বিধায়ক মনিরুল (Manirul Islam)। তিনি দাবী করেন, নথি যাচাইয়ের নামে কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে হয়রান করা হচ্ছে। এসআইআর বন্ধের দাবীতে ফারাক্কার বিডিও অফিসে (BDO Office Vandalise) ঢুকে ‘মনিরুলের’ লোকেরাই ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ফারাক্কার বিডিও অফিস চত্বর। ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু নাম ছিল না বিধায়ক মনিরুল ইসলামের।
রাজ্যজুড়ে এসআইআর বিরোধী বিক্ষোভ
প্রসঙ্গত, ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। কিন্তু ‘তথ্যগত অসঙ্গতির’ কারণ দর্শীয়ে প্রতিদিনই শুনানি কেন্দ্রে নথি জমা দিতে যেতে হচ্ছে ভোটারদের। যার জেরে আলিপুরদুয়ার থেকে দক্ষিণ ২৪ পরগণা, জেলায় জেলায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও থেকে শুরু করে তৃণমূল কর্মী এবং আমজনতা। শুনানির লাইনে দাঁড়িয়ে অনেক প্রবীণ অসুস্থ হয়ে পড়ারও ঘটনা সামনে এসেছে। এই নিয়ে নির্বাচনের ঠিক আগে শাসক-বিরোধী তরজার আগুনে ঘি পড়েছে।


