Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ঘাটাল থানার নিশ্চিন্দিপুর এলাকায় একটি সাধারণ চায়ের দোকান (Tea Shop) কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাইরে থেকে দেখলে দোকানটি একেবারেই সাধারণ-চা, বিস্কুট আর আড্ডার আসর। কিন্তু অভিযোগ, সেই দোকানের আড়ালেই চলছিল বেআইনি মদের (Illegal Liquor) ব্যবসা।
স্থানীয়দের দাবি, অনেক দিন ধরেই সন্ধ্যার পর দোকানটিতে অস্বাভাবিক ভিড় দেখা যেত। অনেকেই ভাবতেন চায়ের টানেই এত লোকের ভিড়। কিন্তু পরে জানা যায়, চায়ের পাশাপাশি গোপনে বিক্রি করা হচ্ছিল বিদেশি মদ। চায়ের দোকানকে সামনে রেখে এই ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় দোকানটিতে হানা দেয় ঘাটাল থানার পুলিশ। তল্লাশি চালিয়ে দোকান থেকে বেশ কয়েকটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এরপরই দোকানের মালিক আবির দোলইকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। চা বিক্রির আড়ালে বেআইনিভাবে মদের ব্যবসা চালানোর অভিযোগে ধৃতকে আদালতে তোলা হচ্ছে। পুলিশ জানতে চাইছে, এই কারবারে আর কেউ জড়িত ছিল কি না এবং কত দিন ধরে এই ব্যবসা চলছিল।


