হাওড়া: কথায় আছে ‘বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা’! সেই ছত্রিশ ঘা থেকে বাঁচতেই পালিয়ে বেড়াচ্ছিলেন একসময় এলাকার ‘ত্রাস’ তৃণমূল নেতা (TMC leader)। হাওড়ার উদয়নারায়ণপুর এলাকার ওই তৃণমূল কর্মীর নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। সরকারি আবাস যোজনার উপভোক্তাদের থেকে দীর্ঘদিন ধরেই তোলা বা কাটমানি আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
শুধু তাই নয়, ২০২১-এর ভোটপরবর্তী হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল এই ব্রহ্মনন্দর। ছাব্বিশের পালাবদলের পর ২০২১ বিধানসভা নির্বাচনে হিংসা ছড়ানো অভিযুক্তদের খলে তল্লাশি, ধরপাকড় শুরু করেছে পুলিশ। এই আবহে হাওড়ার উদয়নারায়ণপুরে ব্রহ্মানন্দের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। দীর্ঘ খোঁজাখুঁজির পর হাওড়ার আমতার একটি কাপড়ের দোকানের স্তুপ সরাতেই বেরিয়ে এলেন একসময় ‘এলাকার ত্রাস’ বলে পরিচিত তৃণমূল নেতা (TMC leader) ব্রহ্মানন্দ চক্রবর্তী।
শনিবার সন্ধ্যায় আমতায় সরকারি বস্ত্র প্রতিষ্ঠান তন্তুজের কারখানায় কাপড়ের স্তূপের ভিতর থেকে পাকরাও করা হয় তাঁকে। তদন্তকারী সূত্রে খবর, পুলিশের চোখে ধুলো দিতে কাপড়ের স্তূপের নীচে গা ঢাকা দিয়েছিলেন ব্রহ্মানন্দ। তল্লাশি চলাকালীন তন্তুজের কারখানায় কাপড়ের ওই স্তুপ দেখে সন্দেহ হয় পুলিশের। সেই স্তুপ সরাতেই বেরিয়ে পড়েন ব্রহ্মানন্দ। তৎক্ষণাৎ তাঁকে আটক করে পুলিশ। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


