Aaj India Desk,কলকাতা: উত্তরবঙ্গে বেসরকারি বাস পরিষেবা ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, বাসের নাম, রং এবং লোগো সরকারি পরিবহণ সংস্থা NBSTC-এর সঙ্গে এতটাই মিল যে অনেক যাত্রী সহজেই বিভ্রান্ত হচ্ছেন। বিশেষ করে মহিলা ও প্রবীণ যাত্রীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দেখা যায়, সরকারি NBSTC বাসের পাশাপাশি একটি বেসরকারি বাসের ছবি দেওয়া হয়েছে। ওই বেসরকারি বাসটির নাম NBSTG। অভিযোগ, নামের পাশাপাশি বাসের বাহ্যিক চেহারা এবং লোগোও সরকারি বাসের মতোই রাখা হয়েছে। ফলে দূর থেকে বা তাড়াহুড়োর সময়ে অনেকেই এটিকে সরকারি বাস বলে ভুল করছেন।
স্থানীয়দের দাবি, অনেক মানুষ সরকারি বাস ভেবে এই বাসে উঠে পড়ছেন। পরে টিকিট কাটার সময় জানতে পারছেন এটি বেসরকারি বাস। এতে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। অনেকের মতে, সরকারি বাসের সঙ্গে এত মিল থাকা উচিত নয়, কারণ এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, যদি কোনও বেসরকারি সংস্থা সরকারি পরিষেবার মতো নাম বা পরিচিতি ব্যবহার করে থাকে, তাহলে তা তদন্ত করা প্রয়োজন।
তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বেসরকারি বাস মালিকদের কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যদিও পরিবহণ মহলের একাংশের মতে, সরকারি ও বেসরকারি বাসের নাম, লোগো এবং ডিজাইনে স্পষ্ট পার্থক্য থাকা জরুরি। এতে যাত্রীরা সহজেই বাস চিনতে পারবেন এবং বিভ্রান্তির ও কম হবে।
এখন নজর প্রশাসনের দিকে। অভিযোগের তদন্ত করে কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না, সেটাই দেখার। কারণ প্রতিদিন বহু মানুষ এই বাস পরিষেবার উপর নির্ভরশীল।


