Aaj India Desk,হুগলি: কাশীর মতো করে এবার সাজানো হবে হুগলির বিখ্যাত শৈবতীর্থ তারকেশ্বর মন্দির। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই সৌন্দর্যায়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তারকেশ্বর সফরের সম্ভাবনা রয়েছে। সেই দিনই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ধনেখালিতে এক নির্বাচনী সভায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তারকেশ্বরকে সাজানো হবে। সেই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা বাড়তে থাকে। এখন সেই পরিকল্পনা বাস্তব রূপ পাওয়ার পথে।
সূত্রের খবর, তারকেশ্বর মন্দির চত্বরের অবকাঠামো পুরোপুরি নতুনভাবে গড়ে তোলা হবে। বর্তমানে মন্দিরে যাওয়ার পথ সরু হওয়ায় ভক্তদের ভোগান্তি হয়। তাই রাস্তা প্রশস্ত করা, ভিড় নিয়ন্ত্রণের জন্য নতুন ব্যবস্থা এবং মন্দির সংলগ্ন এলাকার উন্নয়নের পরিকল্পনা রয়েছে। দুধপুকুর ঘাট ও আশপাশের এলাকায় সৌন্দর্যায়নের কাজও করা হতে পারে।
প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, প্রয়োজনে কিছু দোকান সরানো এবং জমি অধিগ্রহণও করা হতে পারে, যাতে ভক্তদের চলাচল সহজ হয়। পুরো এলাকা আধুনিক তীর্থস্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
মন্দিরের মোহন্ত মহারাজ জানিয়েছেন, উন্নয়নমূলক কাজে মন্দির কর্তৃপক্ষ সবসময় সহযোগিতা করবে। পুরোহিত মহলের মতে, তারকেশ্বরে দেশ-বিদেশ থেকে বহু ভক্ত আসেন, তাই উন্নয়ন হলে সবার সুবিধা হবে।
স্থানীয় ব্যবসায়ীরাও মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটক সংখ্যা বাড়বে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। সব মিলিয়ে কাশীর আদলে তারকেশ্বর গড়ে তোলার উদ্যোগে নতুন আশার আলো দেখছেন স্থানীয় মানুষ।


