Aaj India Desk,কলকাতা:মেসি ইভেন্ট- এ নতুন মোড়, বিতর্কে নতুন করে রাজনৈতিক ঝড় উঠেছে রাজ্যে। এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (AroopBiswas)-কে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta)। তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা।
শতদ্রু দত্ত (Satadru Dutta) নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “শুনছি এক্স মন্ত্রীমশাই ফোন অফ করে ‘ভাগম ভাগ’ করার চেষ্টা করছেন। ভগবানের ওপর আমার অশেষ বিশ্বাস, পালাতে পারবেন না, অ্যান্টিসিপেটরি বেলও পাবেন না।” এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।
মেসি ইভেন্ট বিতর্কের তদন্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তবে নির্ধারিত দিনে তিনি হাজির না হয়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি আগাম জামিনের আবেদনও করেছেন তিনি। আর সেই ঘটনাকেই কেন্দ্র করে শতদ্রুর এই কটাক্ষ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে শতদ্রু দত্ত (Satadru Dutta) এর অভিযোগ, মেসি ইভেন্টে যে বিশৃঙ্খলা ও বিতর্ক তৈরি হয়েছিল, তার জন্য তাঁকে পরিকল্পিতভাবে বলির পাঁঠা বানানো হয়েছিল। সরকার পরিবর্তনের পর তিনি নতুন করে অভিযোগ দায়ের করেছেন এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, শতদ্রুর এই পোস্ট শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং তদন্তের অগ্রগতির দিকেও ইঙ্গিত করছে। যদিও অরূপ বিশ্বাসের তরফ থেকে এখনও এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে দেয়নি।
ফোন বন্ধ, আগাম জামিনের আবেদন এবং তদন্তের চাপ সব মিলিয়ে মেসি ইভেন্ট বিতর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এখন নজর তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ এবং আদালতের সিদ্ধান্তের দিকে। এরই মধ্যে শতদ্রু দত্তের এই পোস্ট রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিল বলেই মনে করছে অনেকে।


