Aaj India Desk,নয়াদিল্লি: দেশের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থার অনিয়ম এবং বেকারত্বের বিরুদ্ধে আজ অর্থাৎ শনিবার দিল্লির যন্তর মন্তরে বড় আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। এই আন্দোলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্র-যুবক ও চাকরিপ্রার্থী হাজির হয়েছেন।
দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ (Abhijit Dip)কে আমেরিকা থেকে দিল্লিতে এসে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই সংগঠনের দাবি, লক্ষ লক্ষ ছাত্র-যুবকের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে। তাই এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানানো জরুরি বলেই মনে করছে তারা।
আন্দোলনের মূল দাবি হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) এর পদত্যাগ। আন্দোলনকারীদের অভিযোগ, একের পর এক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও তার যথাযথ সমাধান করা হয়নি।বিশেষ করে NEET-UG ২০২৬-কে ঘিরে ওঠা বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকে ঘিরে যন্তর মন্তর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এদিকে আন্দোলনের মাঝেই ককরোচ জনতা পার্টি (CJP)- র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, কিছু মানুষ তাদের শান্তিপূর্ণ আন্দোলনে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। পোস্টে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, এমন ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।
তবে আন্দোলনকারীদের দাবি, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সাংবিধানিক পথেই নিজেদের দাবি তুলে ধরছেন। এখন দেখার, এই আন্দোলনের প্রভাব দেশের শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত বিতর্কে কতটা পড়ে।


