Aaj India Desk, দক্ষিণ 24 পরগনা: প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লা (Shaukat Mulla)-কে খুঁজে বের করতে বাসন্তীর চুনাখালি এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে এনআইএ (NIA)। ইতিমধ্যেই তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থার দল গোটা এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার বিকেলে শওকত মোল্লাকে বারুইপুর থেকে বাসন্তীর দিকে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, তিনি লাল রঙের জামা পরেছিলেন এবং দুইটি মোটরবাইকে তাঁর কয়েকজন সঙ্গীও ছিল। খেয়াঘাট এলাকায় তাঁকে দেখা গিয়েছিল বলেও দাবি করেছেন কয়েকজন বাসিন্দা।
এলাকাবাসীর অভিযোগ, শওকত মোল্লা নদী পেরিয়ে সীমান্তের কাছাকাছি এলাকায় পৌঁছে পরে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন। তবে স্থানীয়দের সতর্কতার কারণে সেই চেষ্টা সফল হয়নি বলে তাঁদের দাবি। বর্তমানে NIA জাকাড়িয়া সুন্দরবন মাদ্রাসা সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। গ্রামের বিভিন্ন বাড়িতে খোঁজ নেওয়া হচ্ছে এবং গোটা এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে, যাতে কেউ সীমান্ত পেরিয়ে পালাতে না পারে।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, শওকত মোল্লা চুনাখালি এলাকায় ঢুকেছেন বলে খবর পেয়েই NIA অভিযান শুরু করে। তাঁকে পালাতে সাহায্য করার অভিযোগে আরও কয়েকজনের খোঁজও চলছে। অন্য এক স্থানীয় বাসিন্দার দাবি, তদন্তকারী সংস্থার কাছে আগে থেকেই তথ্য ছিল যে শওকত মোল্লা নদীর ওপারের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে পরে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করতে পারেন। সেই আশঙ্কায় এলাকাবাসী ব্যারিকেড তৈরি করে নজরদারি শুরু করেন। তাঁদের দাবি, সন্দেহজনক দুইটি বাইক ও বড় ব্যাগ নিয়ে কয়েকজনকে এলাকায় ঢুকতে দেখা যায়। স্থানীয়দের উপস্থিতি টের পেতেই তারা সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে।


