Aaj India Desk, কলকাতা : গত বুধবার থেকেই তৃনমূল দলের স্পষ্ট ভাঙন ও নব্য তৃনমূল দল গঠনে উত্তাল ছিল রাজনৈতিক মহল। এর মাঝেই সেই দলেরই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) গ্রেপ্তার করল নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজি, ভয় দেখানো এবং যৌন হেনস্তার অভিযোগে তাঁকে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয়। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর তাঁকে আদালতে তোলা হবে।
টলিউডের এক মহিলা মেকআপ শিল্পী অভিযোগ করেন যে, স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ পাইয়ে দেওয়ার নামে তাঁর ও অন্যান্য কর্মীদের কাছ থেকে টাকা আদায় করতেন। অভিযোগ অনুযায়ী, এক সহকর্মীর কাছ থেকে ৪৫ হাজার টাকা এবং আরও কয়েকজনের কাছ থেকে মোট ২২ লক্ষ টাকারও বেশি নেওয়া হয়েছিল। অভিযোগকারিণীর দাবি, অতিরিক্ত অর্থের দাবি মেনে না নেওয়ায় তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়। এমনকি যৌন সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগও উঠেছে। তিনি আপত্তি জানানোর পর তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়। সাথে কয়েকজন ব্যক্তি অস্ত্র নিয়ে অভিযোগকারিণীর বাড়িতে গিয়ে ভয় দেখান। এই ঘটনার পরই তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
তবে এই মামলা শুধুমাত্র একজনের মধ্যে সীমাবদ্ধ নয়। টলিউডের প্রযুক্তিকর্মী, স্টুডিও-সংক্রান্ত শ্রমিক, প্রোমোটার এবং ব্যবসায়ীদের কাছ থেকেও দীর্ঘদিন ধরে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এর আগেও স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) এই সমস্ত বিতর্কে জড়িয়েছেন। ২০২৪ সালে তাঁর বাড়িতে আয়কর দপ্তর তল্লাশি অভিযানও চালিয়েছিল। এছাড়া টলিউডের একাধিক পরিচালক ও প্রযোজকের সঙ্গে প্রকাশ্য বিরোধ এবং মানহানির মামলাও সংবাদ শিরোনামে এসেছিল। এমনকি স্থানীয়দের দাবি, তাদের থেকেও তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। এবার সরাসরি তাঁকে জেলে যেতে দেখে স্থানীয়রা আনন্দে থানার বাইরেই উচ্ছ্বাসও প্রকাশ করেন।


