Aaj India Desk, কলকাতা : তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বার্তা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার ভোর থেকেই বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার এই পরিবর্তনকে বর্ষার আগমনের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই। বৃষ্টির জেরে আজ তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকায় গরমের দাপট থেকেও সাময়িক স্বস্তি মিলতে পারে। (Weather Update)
কলকাতায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা
শুক্রবার সকাল ৫টা ১৫ মিনিট থেকে কলকাতার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শহরের একাধিক এলাকায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিভিন্ন জায়গায় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। (Weather Update)
পাশাপাশি হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় রাত ৩টা ১০ মিনিট থেকেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনায় প্রবল ঝড়ের আশঙ্কা
দক্ষিণ ২৪ পরগনায় সকাল থেকেই ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি, বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।(Weather Update)
উত্তরবঙ্গে তাপমাত্রা কমার ইঙ্গিত
উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে শুক্রবার ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। অন্যদিকে মালদহে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা বজায় থাকতে পারে। বঙ্গোপসাগরে অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় বর্ষা আরও সক্রিয় হওয়ার ইঙ্গিত মিলছে। এর ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে এবং টানা গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।


