Aaj India desk, কলকাতা: চায়ের দোকানে (tea stall) আড্ডা বা জমায়েত নতুন কিছু নয়। কিন্তু চায়ের দোকান কি শুধুই আড্ডার জায়গা নাকি সেখানে চলে আরও গোপন কারবার? নামখানার এক চায়ের দোকান সেই প্রশ্নই তুলে দিয়েছে। পাশাপাশি তৃণমূল জমানার দুর্নীতির হাত কতদূর ছড়িয়েছিল সেই প্রশ্নই উঠে গেলো এই নজিরবিহীন ঘটনায়। ঘটনার কেন্দ্রস্থল নামখানার এক চায়ের দোকান। এই নিয়ে সরব হয়েছে বিজেপি।
কি ঘটেছে?
স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ ছিল এই চায়ের দোকানে (tea stall) দীর্ঘদিন ধরে একটি ব্যাগ পরে রয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতেই নামখানা থানার পুলিশ তল্লাশি চালিয়ে ওই চায়ের দোকান থেকে মোট ৩৫ টি আধার কার্ড, ৯ টি ভোটার কার্ড এবং ৩৮ টি এলআইসি (LIC) বন্ড উদ্ধার করেছে। শুধু তাই নয়, এর পাশাপাশি ২৬ টি এটিএম (ATM) কার্ড এবং বেশ কিছু ব্যাঙ্কের পাসবুকও বাজেয়াপ্ত করা হয়েছে। একটি সাধারণ চায়ের দোকানে কেন এবং কীভাবে এত মানুষের গোপন নথিপত্র জমা হলো, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে
দোকানির কি বক্তব্য?
চায়ের দোকানের (tea stall) মালিক জানিয়েছেন,”আমার দোকানে পোস্টাপিসের অনেক পিয়ন আসেন চা খেতে। তাদেরই একজন আমাকে এই ব্যাগটি রাখতে দিয়েছিলেন।” কিন্তু এতদিন তিনি কাউকে কেন জানাননি সেই প্রশ্নের সদুত্তর মেলেনি। পুলিশ বর্তমানে উদ্ধার হওয়া কার্ডগুলির আসল মালিকদের সন্ধান শুরু করেছে। এই বিপুল পরিমাণ নথিপত্র চায়ের দোকানে মজুত রাখার পেছনে আসল সত্যটি কী এবং চায়ের দোকানির এতে কোনো যোগসাজশ আছে কি না, তা সম্পূর্ণ খতিয়ে দেখতে সব দিক থেকে তদন্ত চালানো হচ্ছে।


