40.4 C
Kolkata
Wednesday, June 3, 2026
spot_img

কলেজের ইউনিয়ন রুমে লক্ষ্মীর বাস! উদ্ধার লক্ষাধিক অবৈধ টাকা!

Aaj India Desk, কলকাতা : কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার করা হয় দুটি স্যুটকেস। স্যুটকেসে ভর্তি লক্ষাধিক টাকার বান্ডিল। শুনতে সিনেমার স্ক্রিপ্ট মনে হলেও ঘটনাটি বাস্তবেই ঘটেছে। কলকাতার নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান সুরেন্দ্রনাথ কলেজের (Surendranath College) এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ছাত্রমহলেও।

তালা ভাঙতেই নগদের স্যুটকেস

গত ৪ তারিখ ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সুরেন্দ্রনাথ কলেজের (Surendranath College) সংশ্লিষ্ট ইউনিয়ন রুমে তালা ঝুলছিল। ঘরের চাবি কার কাছে ছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরে চাবি খুঁজে না পাওয়ায় মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ ও কর্মীরা তালা ভাঙার সিদ্ধান্ত নেন। ঘর খুলতেই কোণে পড়ে থাকা দুটি স্যুটকেস নজরে আসে। সেগুলি খুলে দেখা যায়, ভিতরে স্তূপ করে রাখা রয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। দীর্ঘদিন বন্ধ ঘরে থাকার কারণে টাকার একটি বড় অংশ উইপোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়।

কোথা থেকে এলো এত টাকা ?

ঘর থেকে নগদের পাশাপাশি বেশ কিছু ভাউচার উদ্ধার হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই ভাউচারগুলির মাধ্যমে বিভিন্ন খাত থেকে টাকা তোলা হয়ে থাকতে পারে। উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। টাকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ। নগদ অর্থ এবং উদ্ধার হওয়া নথিপত্র বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করা হয়েছে।

কলেজ নাকি রাজনৈতিক অতিথিশালা ?

অভিযোগ শুধুমাএ নগদ উদ্ধার নিয়ে নয়। সুরেন্দ্রনাথ কলেজের (Surendranath College) পাঁচতলায় হদিশ মিলেছে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের। কয়েক মাস আগে তৈরি হওয়া এই ঘরগুলোতে আলমারি, গদি, বালিশ, কম্বল-সহ আরামে থাকার সমস্ত ব্যবস্থাই রয়েছে। কলেজের ছাত্রছাত্রীদের একাংশের দাবি, এই ঘরগুলো সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য নয়।

অসামাজিক কার্যকলাপের অভিযোগ

কলেজের কিছু বর্তমান ও প্রাক্তন ছাত্রের অভিযোগ, পাঁচতলার ছাদ ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলত। সেখানে মদের বোতল ও অন্যান্য নেশাজাতীয় সামগ্রী পাওয়া গিয়েছে। এতদিন ধরে অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা কেনো নেয়নি তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

সবচেয়ে বড় প্রশ্ন এখন, কলেজের ইউনিয়ন রুমে বিপুল পরিমাণ নগদ অর্থ এল কীভাবে এবং এতদিন তা সেখানে পড়ে রইল কেন। চাবি গায়েব হয়ে যাওয়ার ঘটনাও তদন্তকারীদের নজরে রয়েছে। উদ্ধার হওয়া টাকার উৎস, সম্ভাব্য আর্থিক লেনদেন এবং এর সঙ্গে কারা যুক্ত থাকতে পারেন, তা নিয়েও রয়েছে ধন্ধ। এবার নজর তদন্তের অগ্রগতির উপর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন