Aaj India Desk, কলকাতা: কলকাতা পুরসভার (KMC) নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং (Tarak Singh) আজই পদত্যাগ (Resignation) করতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিকেলের দিকে তিনি নিজের দফতর থেকে পুরনিগমের কমিশনারের হাতে পদত্যাগপত্র জমা দিতে পারেন। গত কয়েক সপ্তাহ ধরেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। দলের গুরুত্বপূর্ণ বৈঠকগুলিতেও তাঁকে দেখা যায়নি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভার কাউন্সিলর ও মেয়র পারিষদদের নিয়ে দু’দফা বৈঠক হলেও সেখানে উপস্থিত ছিলেন না তারক সিং।
কিছুদিন আগে দলের কাজকর্ম ও নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর অভিযোগ ছিল, দলের সাধারণ কর্মী-সমর্থকদের যথাযথ সুরক্ষা ও সহযোগিতা দেওয়া হচ্ছে না। মাঠে-ঘাটে যারা কাজ করেন, তাঁদের পাশে নেতৃত্ব দাঁড়াচ্ছে না বলেও তিনি মন্তব্য করেছিলেন।তিনি বলেন “কর্মী এবং সমর্থকদের কোনওভাবেই সুরক্ষা দিচ্ছে না দলীয় নেতৃত্ব। যে কারণে ওই ঠান্ডা ঘরে বসে জ্ঞানের বাণী শোনার তাঁর কোন সদিচ্ছা নেই।” তৃণমূল সাধারণ কর্মীদের এমন পরিস্থিতিতে প্রশাসনিক দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠছে বলে মনে করেন তিনি। সেই কারণেই নিকাশি বিভাগের মেয়র পারিষদের পদ ছাড়ার সিদ্ধান্ত তিনি নিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।


