Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। মৃত তৃণমূল কর্মীর (Dead TMC worker) পরিবারের পাশে দাড়াতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে নিরাপত্তার স্বার্থে তাঁকে মাথায় হেলমেট (Helmet) পরতে হয়। সেখানে দেখা যায়, তার দিকে ডিম ও জুতো ছোড়া হয়, এমনকি ধস্তাধস্তির মধ্যে জামাও ছিঁড়ে যায়।
এই ঘটনাকে তৃণমূল পরিকল্পিত হামলা বলে দাবি করলেও বিরোধী দলগুলি ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শমীক ভট্টাচার্যের মতে, এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপি বা দলের কর্মী-সমর্থকদের কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তৃণমূলের অত্যাচারের শিকার হলেও বিজেপি সংযম দেখিয়েছে বলেই পরিস্থিতি আরও খারাপ দিকে যায়নি। তার কথায়, “এটি সম্পূর্ণভাবে জনরোষের ফল।”
সোনারপুরে পুলিশের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। সেই প্রসঙ্গে শমীক বলেন, “সেখানে কেন পর্যাপ্ত পুলিশ ছিল না, তার উত্তর রাজ্য সরকারেরই দেওয়া উচিত।” একইসঙ্গে তিনি অতীতের কয়েকটি রাজনৈতিক সংঘর্ষের প্রসঙ্গ তুলে দাবি করেন, “বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরও আগে হামলার চেষ্টা হয়েছিল।” পাশাপাশি জে পি নাড্ডার উপর আক্রমণের ঘটনাও উল্লেখ করেন তিনি।শমীকের খোঁচা দিয়ে বলেন, “এখন যদি ওরাই আবার ক্ষমতায় আসত, তাহলে আমাদের ৫০০-৬০০ কর্মী খুন হয়ে যেত। তবে হ্যাঁ, ওটা যেমন গণতন্ত্রের ভাষা নয়, আজকের ঘটনাও কাম্য নয়। আমরা সব রাজনৈতিক দলকেই শান্তিপূর্ণ ভাবে চলার আহ্বান জানাচ্ছি।”
অন্যদিকে, সিপিএম নেতা মহম্মদ সেলিমও এই ঘটনার সমালোচনা করেছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতীতের কিছু মন্তব্যের কথাও মনে করিয়ে দেন। সেলিমের বক্তব্য, রাজনৈতিক নেতাদের ভাষা ও আচরণ গণতান্ত্রিক হওয়া প্রয়োজন। অতীতে যেভাবে শক্তি প্রদর্শনের বার্তা দেওয়া হয়েছিল, সেটাও ঠিক ছিল না। তিনি বলেন “অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শত শত পুলিশের কড়া পাহারায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন- কোন বাপ আছে দেখে নেবেন! সেটাও যেমন গণতন্ত্রে কোনও সঠিক ভাষা নয়, একইভাবে বর্তমান ঘটনাও সমর্থনযোগ্য নয়।


