Aaj lndia Desk,দক্ষিণ ২৪ পরগনা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় ( Abhishek Banerjee)-কে ঘিরে শনিবার সোনারপুরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
মৃত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্রের দাবি, কামালগাজি মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় সিগন্যালে দাঁড়াতেই কয়েকজন বিক্ষোভকারী তাঁর গাড়ির সামনে গিয়ে কালো পতাকা দেখান এবং স্লোগান দিতে শুরু করেন। এরপর সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়ির আশপাশে বহু মানুষ জড়ো হন। অভিযোগ, সেখানে আগে থেকেই বিক্ষোভের প্রস্তুতি চলছিল।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে বাইকে করে কর্মীর বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তার কারণে তিনি হেলমেট পরে ছিলেন বলে জানা গিয়েছে। তবে জনতার ভিড়ের কারণে তাঁর যাত্রাপথ বারবার বাধার মুখে পড়ে।
অনেকের দাবি, সেই সময় অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং উত্তেজিত জনতার মধ্যে থেকে বিভিন্ন স্লোগান শোনা যায়। অভিযোগ উঠেছে, ধস্তাধস্তির জেরে তাঁর জামাও ছিঁড়ে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাঁকে ঘিরে নিরাপদে বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এদিকে মৃত তৃণমূল কর্মীর বাড়ির বাইরে বিক্ষোভ অব্যাহত থাকে। কয়েকজন বিক্ষোভকারী প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে চাকরি হারানো, আর জি কর ঘটনার বিচার না পাওয়া এবং সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। মহিলাদের একাংশ মানববন্ধন তৈরি করে প্রতিবাদ জানান।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এদিন এলাকায় প্রবল বিক্ষোভ দেখা যায়। অনেকেই তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, স্থানীয় মহিলারা মানববন্ধন করে প্রতিবাদ জানান। তাঁদের দাবি, চাকরি হারানো এবং বিভিন্ন ঘটনার বিচার না হওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমেছে। সেই ক্ষোভই এদিন প্রকাশ্যে আসে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নেয়।


