Aaj India Desk,কলকাতা: জমি দখল,অবৈধ নির্মাণ, তোলাবাজি একের পর এক গুরুতর অভিযোগে নাম জড়িয়েছে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস (Shantanu Sinha Biswas)-এর। যিনি একসময় আইনের রক্ষক ছিলেন,এখন তিনিই হাজতের অন্ধকারে। গ্রেফতারের পর সামনে আসছে তাঁর দাপটের সাম্রাজ্য।
তদন্তে উঠে এসেছে, মুর্শিদাবাদের কান্দিতে তাঁর বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে প্রভাবশালী যোগাযোগ সবকিছুই যেন প্রশ্নের মুখে। অভিযোগ, সোনা পাপ্পু ও জয় কামদারের মতো অভিযুক্তদের সঙ্গে যোগসাজশ করে জমি-বাড়ি দখল, ভয় দেখানো এবং অবৈধ নির্মাণের রমরমা কারবার চালাতেন তিনি। পুলিশের পোশাকের আড়ালে চলত ক্ষমতার সিন্ডিকেট!যে মানুষ সাধারণের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেই তিনিই এখন অভিযুক্তদের সারিতে। আর এই ঘটনাকে ঘিরে উঠছে বড় প্রশ্ন আইন রক্ষকের আসনে বসে কতদিন চলছিল এই অন্ধকার সাম্রাজ্য?
দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস(Shantanu Sinha Biswas)-কে এবার জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এর পরেই তাঁর আইনজীবীরা আদালতের কাছে আবেদন করেন, শান্তনুকে যেন গ্রেড ওয়ান বা প্রথম শ্রেণির বন্দি হিসেবে রাখা হয়।
আইনজীবীদের দাবি, শান্তনু আগে অনেক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছেন এবং বহু অপরাধীকে গ্রেফতার করেছেন। সেই সব অভিযুক্তদের অনেকেই এখন প্রেসিডেন্সি জেলে রয়েছে। তাই সাধারণ বন্দিদের সঙ্গে থাকলে তাঁর নিরাপত্তার সমস্যা হতে পারে।এই কারণেই আদালতের কাছে আবেদন করা হয়েছে, তাঁকে আলাদা সেলে বা বিশেষ নিরাপত্তায় রাখা হোক।
শান্তনু সিনহা বিশ্বাস (Shantanu Sinha Biswas)-কে গ্রেড ওয়ান বন্দি হিসেবে রাখার আবেদন জানানো হলেও, এখনই সেই আর্জিতে সায় দেয়নি আদালত। ইডি এই আবেদনের বিরোধিতা করে জানায়, আগে জেল কর্তৃপক্ষের মতামত জানা দরকার।আদালত শান্তনুকে ১ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আপাতত তাঁকে প্রেসিডেন্সি জেলে সাধারণ বন্দিদের সঙ্গেই থাকতে হবে। আগামী সোমবার এই বিষয়ে ফের শুনানি হবে।


