Aaj India Desk, কলকাতা: রাজ্যে পালাবদলের পর দফায় দফায় বৈঠক চালাচ্ছেন মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। খুব তাড়াতাড়ি বড় মন্ত্রিসভা সম্প্রসারণ (Cabinet Expansion) হতে পারে। সূত্রের খবর, আগামী সোমবার বা মঙ্গলবার নতুন মন্ত্রিসভার ঘোষণা করা হতে পারে। তার আগে শনিবার ও রবিবার টানা বৈঠক চলবে বলে জানা গিয়েছে।
নতুন মন্ত্রিসভায় সমাজের সব শ্রেণির মানুষকে জায়গা দেওয়ার চেষ্টা করছে সরকার। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)-র হাতেই প্রায় ৪২টি দফতরের দায়িত্ব রয়েছে। তাই কাজের চাপ কমাতে দ্রুত নতুন মন্ত্রী নিয়োগের প্রস্তুতি চলছে।
কোন দফতরের দায়িত্ব কাকে দেওয়া হবে,তা নিয়ে দলীয় এবং প্রশাসনিক স্তরে একাধিক বৈঠক শুরু হয়েছে।সূত্রের তরফে জানা গিয়েছে পুরো বিষয়টির উপর নজর রাখছে দিল্লির শীর্ষ নেতৃত্বও।
এর মধ্যেই বুধবার লোকভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। প্রায় ৩০ মিনিট ধরে চলা সেই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। যদিও সরকারিভাবে বৈঠক সম্পর্কে কিছু জানানো হয়নি, তবুও ধারণা মন্ত্রিসভা গঠন নিয়েই আলোচনা হয়েছে।
গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক বিজেপি নেতার উপস্থিতিতে নতুন সরকার শপথ নেয়। তার কিছুদিনের মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা আরও বেড়েছে। তবে আশা করা যায়, আগামী মঙ্গলবার এর মধ্যেই সমস্ত জল্পনার নিষ্পত্তি ঘটবে ।


