Aaj lndia Desk,কলকাতা:ভোটের আগে এক পাতার ফর্ম দেখিয়ে প্রতিশ্রুতি, আর ভোটের পর ১২ পাতার জটিল ,আবেদনপত্র অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এবার রাজ্যের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে তিনি প্রশ্ন তুলেছেন, যাঁরা ভোটের আগে মা-বোনেদের বলেছিলেন ফর্ম পূরণ করলেই ভাতার পরিমাণ বেড়ে মাসে ৩ হাজার টাকা হবে, তাঁরা কি এবার বাড়ি বাড়ি গিয়ে নতুন ১২ পাতার ফর্ম পূরণ করিয়ে দেবেন?
কুণাল ঘোষের দাবি, নতুন ফর্মে গোটা পরিবারের নানা ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। এত তথ্য সংগ্রহ কতটা প্রয়োজনীয়, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, লক্ষ্মীর ভান্ডার-এর মূল উদ্দেশ্য ছিল মহিলাদের হাতে নিজেদের খরচের জন্য কিছু আর্থিক সহায়তা তুলে দেওয়া। কিন্তু দীর্ঘ ও জটিল আবেদন প্রক্রিয়া সেই উদ্দেশ্যকেই ব্যাহত করছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল নেতা।
এখানেই থামেননি কুণাল। তিনি আরও প্রশ্ন তুলেছেন, ফর্ম পূরণ করলেই কি সব মহিলা টাকা পাবেন? কবে থেকে সেই টাকা দেওয়া হবে? মে মাস থেকে বর্ধিত হারে বকেয়া অর্থ যোগ করা হবে কি না, সেই বিষয়েও স্পষ্ট জবাব চেয়েছেন তিনি।
তৃণমূল বিধায়কের বক্তব্য, স্ক্রুটিনি বা যাচাই প্রক্রিয়া থাকতেই পারে। তবে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী রাজ্যের সমস্ত মহিলাকে আগামী ১ জুন থেকেই মাসে ৩ হাজার টাকা করে দেওয়া উচিত।
এই মন্তব্য সামনে আসতেই নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিজেপি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও, কুণাল ঘোষের বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ।


