Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে সরকার বদলের পর থেকেই চাপে তৃণমূলের (TMC) অনেক নেতা। একের পর এক অভিযোগে পুলিশের নজরে আসছেন তৃণমূলের নেতাকর্মীরা। এর মাঝেই গোসাবা (Gosaba)-র একটি ঘটনা ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযোগ, কয়েক বছর আগে বিজেপি (BJP) সমর্থক হওয়ার কারণে এক ব্যক্তির কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয়েছিল। এবার সেই টাকাই ফেরত দিলেন স্থানীয় এক তৃণমূল নেতা। পুরো ঘটনাটির ভিডিও সামনে আসতেই এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সূত্রের খবর, গোসাবার পালপুর এলাকার তৃণমূল বুথ সভাপতি পরিতোষ দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ২০২১ সালের বিধানসভা ভোটের পর ফল বেরোনোর ঠিক পরেই ১০ই মে শম্ভুনগরের বাসিন্দা সন্তোষ জানার কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। সন্তোষ জানা বিজেপির সক্রিয় কর্মী বলেই তাঁকে চাপ দেওয়া হয় বলে জানা গেছে।
সন্তোষবাবুর অভিযোগ, তাঁকে নানা ধরনের ভয় দেখানো হয়েছিল। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, দোকান দখল করে পার্টি অফিস বানানোর কথাও বলা হয়েছিল বলে অভিযোগ। এলাকায় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। সেই আতঙ্কের মধ্যেই তিনি টাকা দিতে বাধ্য হন বলে জানিয়েছেন। জানা গিয়েছে, ওই ৮০ হাজার টাকার অর্ধেক অনলাইনে নেওয়া হয়েছিল এবং বাকিটা নগদে দিতে হয়েছিল।
এবার পরিস্থিতি বদলাতেই সেই টাকা ফেরত দেওয়ার ঘটনা সামনে এল। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে পরিতোষ দাস নিজে সন্তোষ জানার বাড়িতে গিয়ে পুরো ৮০ হাজার টাকা ফিরিয়ে দেন। সেই সময় ক্যামেরার সামনেই তিনি স্বীকার করেন যে, দলের তৎকালীন নেতৃত্বের নির্দেশ মেনেই জরিমানার নামে এই টাকা তোলা হয়েছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির দাবি, এতদিন বিরোধী সমর্থকদের উপর কী ধরনের চাপ ও অত্যাচার চলত, এই ঘটনা তারই প্রমাণ। অন্যদিকে, টাকা ফেরতের এই ভিডিও সামনে আসায় অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বও।


