Aaj India Desk, কলকাতা : ১৮ই মে পর সোমবার সকালে সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে দ্বিতীয়বার আয়োজিত হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘জনতার দরবার’। তবে এদিনের কর্মসূচিতে বিশেষ ভাবে নজর কাড়ে চাকরিপ্রার্থীদের ভিড়। আজ কর্মসূচিতে মূলত তাদের অভিযোগ ও ক্ষোভের সামনে পড়লেন রাজ্যের নব্য মুখ্যমন্ত্রী।
নিয়োগ দুর্নীতি ইস্যুতে ক্ষোভ
নিয়োগ দুর্নীতি মামলার প্রভাব পড়েছে রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যতের উপর। সেই প্রেক্ষিতে ২০১৬ সালের প্যানেলের বঞ্চিত শিক্ষক ও চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরাও এদিন জনতার দরবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন। চাকরিপ্রার্থীদের প্রতিনিধি সুমন বিশ্বাস বলেন, তাঁরা যোগ্যতার ভিত্তিতে দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। নতুন সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বলেই তাঁদের আশা।
কারিগরি শিক্ষায় নিয়োগের দাবি
কারিগরি শিক্ষার চাকরিপ্রার্থীদের একাংশ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ হয়নি। তাঁদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির কারণে প্রায় ১৫ বছর ধরে নিয়োগ প্রক্রিয়া কার্যত বন্ধ রয়েছে। দ্রুত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি তোলেন তাঁরাও।
‘অন স্পট’ সমাধানের বার্তা
এদিন সল্টলেকের বিজেপি দপ্তরে রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন লকেট চট্টোপাধ্যায়। আজ অভিযোগের গুরুত্ব অনুযায়ী উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি চাকরিপ্রার্থীদের অন স্পট সমাধানের আশ্বাস দেন তিনি।
আগেই ঘোষণা করা হয়েছিল, প্রতি সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সল্টলেকের দলীয় কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতা দিয়ে শুরু হলেও ভবিষ্যতে জেলার বিভিন্ন জায়গাতেও এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে চাকরিপ্রার্থীদের এই ব্যাপক উপস্থিতি এবং সরকারের আশ্বাস শেষ পর্যন্ত কতটা বাস্তব ফল দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।


