Aaj India Desk, কলকাতা: সপ্তমীর রাতে চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনায় (Chorbagan Incident) প্রাণ হারান ১৯ জন। সেই ঘটনার পর বন্ধ রাখা হয়েছিল দুর্গাপ্রতিমা দর্শন। এবার ঘটনার ছ’দিন পর প্রতিমা নিরঞ্জনের উদ্যোগ শুরু হয়েছে। শনিবার গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হবে মাতৃপ্রতিমাকে।
তবে গোটা প্রক্রিয়াতেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে দুর্ঘটনাস্থলের পিছনের অংশ এখনও সুরক্ষিত রাখা হয়েছে। অন্যদিকে, প্রতিমা বের করার সুবিধার জন্য সামনের অংশ খালি করার কাজ শুরু হয়েছে শুক্রবার থেকেই। দশমীর দিন শুধু নিয়ম মেনে ঘট বিসর্জন করা হয়েছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বড় প্রতিমায় হাত দেওয়ার অনুমতি ছিল না। সেই কারণেই নিরঞ্জনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে এগোতে হচ্ছে উদ্যোক্তাদের।
এদিকে, দুর্ঘটনার শোক কাটিয়ে পুজোর ঐতিহ্য ধরে রাখার পক্ষেই মত জানিয়েছেন চোরবাগানের স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, এমন মর্মান্তিক ঘটনার পরেও দুর্গাপুজোর প্রচলিত রীতিনীতি বন্ধ হয়ে যাক, তা তাঁরা চাননি। অষ্টমীর অঞ্জলি থেকে দশমীর সিঁদুরখেলা—প্রতিটি আচার যথাযথভাবে পালনের পক্ষেই ছিলেন তাঁরা। একইসঙ্গে আগামী দিনে থিমের জাঁকজমকের বদলে পুজোর ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতিকে বেশি গুরুত্ব দেওয়ার কথাও উঠে এসেছে স্থানীয়দের বক্তব্যে। তাঁদের মতে, বাহ্যিক আড়ম্বরের কারণে পুজোর মূল ভাবনা ও আবেগ যেন হারিয়ে না যায়।
অন্যদিকে, চোরবাগানের দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে ছ’জনের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) তৈরি করেছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে এই দল তদন্ত চালাবে। আগামী তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা। এর আগে হাইকোর্টে বিচারপতি নিশীতা মাত্রের সঙ্গে ডিভিশন বেঞ্চে থেকে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন অনিন্দিতা রায় সরস্বতী। বর্তমানে তিনি রাজ্যের এসআইআর ট্রাইবুনালের দায়িত্বেও রয়েছেন।


