Aaj India Desk, নয়াদিল্লি: এসআইআর(SIR) তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার ঘটনায় তৃণমূল (TMC) দিল্লিতে ধরনায় বসার প্রস্তুতি নিয়েছিল। তবে নির্বাচন কমিশনের (ECI) সঙ্গে সাক্ষাতের সময় মেলায় আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল দুপুর তিনটার পর তৃণমূলের পক্ষ থেকে কমিশনের সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়। প্রথমে কোনো সাড়া না পাওয়ায় রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী এবং প্রাক্তন সাংসদ সাকেত গোখেল দিল্লিতে ধরনায় বসার প্রাথমিক পরিকল্পনা করেছিলেন। পরে কমিশন জানিয়েছে, আগামিকাল সকাল দশটায় সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে। ফলে আপাতত ধরনা স্থগিত রাখা হয়েছে। তৃণমূলের চার সদস্যের প্রতিনিধি দল আগামীকাল সকাল দশটায় জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন।
অন্যদিকে, এসআইআর তালিকার নিষ্পত্তি প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। হিসাব অনুযায়ী, ৫০ লক্ষ বিচারাধীন নামের মধ্যে এবার ২৭ লক্ষ নাম বাদ গেছে। এর আগে প্রায় ৬৩ লক্ষের নাম ইতিমধ্যেই বাদ পড়েছিল। ফলে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম তালিকা থেকে বাদ গেছে।
শুরু থেকেই ধারণা করা হচ্ছিল, মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর -এই তিন জেলা থেকেই সবচেয়ে বেশি নাম বাদ যেতে পারে। পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পর দেখা গেছে, শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। কমিশন সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদে বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল ১১ লক্ষ ১ হাজার। ২০২৫ সালের ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন ৫৭ লক্ষ ৬৪ হাজার ৮৫ জন।


