Aaj lndia Desk,পশ্চিম মেদিনীপুর: নির্বাচনের মুখে প্রশাসনিক রদবদল ঘিরে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে এক জনসভা থেকে তিনি রাজ্য প্রশাসনের সাম্প্রতিক বদলি প্রক্রিয়া নিয়ে তীব্র প্রশ্ন তোলেন।নির্বাচনী বিধি জারি হওয়ার পর থেকেই রাজ্যে একাধিক দফায় প্রশাসনিক রদবদল হয়েছে। একই দিনে ২৬৭ জন আধিকারিকের বদলির নজিরও সামনে এসেছে। গত ১৫ দিনে এই ব্যাপক বদলি ঘিরে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, প্রশাসনের মধ্যে অযথা বিভাজন তৈরি করা হচ্ছে এবং তা ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। জনসভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তিনি। তাঁর কথায়, “মানুষ যদি এত ভালোবাসে, তাহলে এত ভয় পাচ্ছে কেন? ভোট কাটছে কেন? প্রশাসনে ভাগ করছে কেন?” চার্জশিট থেকে নাম বাদ দেওয়া এবং SIR ইস্যুতেও তিনি সরব হন।
এদিকে, নিজের দলীয় কর্মীদের প্রতিও কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি জানান, কোনও ধরনের অসন্তোষ বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সব মিলিয়ে, নির্বাচনের আগে প্রশাসনিক রদবদলকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
প্রশাসনিক রদবদল ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নারায়ণগড়ের জনসভা থেকে বক্তব্যের শুরুতেই বিজেপি ও নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা করেন তৃণমূল সুপ্রিমো।পুলিশ থেকে শুরু করে প্রশাসনের একের পর এক বদলি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আগে কখনও এভাবে প্রশাসনে বিভাজন দেখা যায়নি। তাঁর অভিযোগ, যাঁরা দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে কাজ করেছেন, এমন বহু অফিসারকেই সরিয়ে দেওয়া হচ্ছে।
মমতার কথায়, “এত স্বৈরাচার-অনাচার আমি জীবনে দেখিনি। এখন IPS, IAS থেকে শুরু করে রাজ্য পুলিশ সব ক্ষেত্রেই ভাগাভাগি চলছে। কে কোন মতাদর্শের, কার সঙ্গে কার সম্পর্ক সেটাই খুঁজে দেখা হচ্ছে।”এখানেই থামেননি তিনি। কটাক্ষের সুরে আরও বলেন, নিজেদের পছন্দের লোক এনে প্রশাসন চালিয়ে তৃণমূলকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে তাঁর দাবি, এই কৌশল উল্টো ফল দেবে এবং সাধারণ মানুষ এর জবাব ভোটের মাধ্যমে দেবে।সব মিলিয়ে, নির্বাচনের আগে প্রশাসনিক রদবদলকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর যে চরমে পৌঁছেছে, নারায়ণগড়ের মঞ্চ থেকে তা আরও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।
এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। SIR ইস্যুতেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ শানালেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, একাধিক তালিকা প্রকাশের দাবি করা হলেও বাস্তবে তার কোনও স্বচ্ছতা নেই। তাঁর কথায়, “চারটে তালিকা বেরিয়েছে বলা হচ্ছে, কিন্তু আমরা একটাও চোখে দেখিনি। পুরো বিষয়টাই চক্রান্তের গন্ধ পাচ্ছে।” তিনি আরও দাবি করেন, পরিকল্পিত ভাবে আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হচ্ছে। এর পিছনে বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। মমতার বক্তব্য, বাংলাকে রাজনৈতিকভাবে দুর্বল করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে বিজেপিকেও নিশানা করে তিনি বলেন, কমিশন নাকি তাদের ইঙ্গিতেই বেছে বেছে কিছু সম্প্রদায়ের নাম বাদ দিচ্ছে। তবে শেষমেশ তাঁর দাবি স্পষ্ট এই কৌশলেও নির্বাচনে বিরোধীদের সাফল্যের কোনও সম্ভাবনা নেই।


