Aaj India Desk, হুগলি: ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হুগলির তারকেশ্বর (Tarakeswar) সেই উত্তেজনার মধ্যেই এবার তৃণমূল (TMC)-এর পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি (BJP) কর্মীদের মধ্যেই শুরু হল রক্তক্ষয়ী সংঘর্ষ। গুরুতর জখম এক বিজেপি কর্মীকে প্রথমে ভর্তি করা হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া সদর হাসপাতালে, পরে সেখান থেকে কলকাতায় পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
অভিযোগ, কমল সামন্ত নামে এক বিজেপি কর্মী তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলছিলেন। সেই সময় তাঁরই দলের আর এক কর্মী নিমাই সামন্ত প্রতিবাদ জানান। প্রতিবাদ ঘিরেই শুরু হয় তুমুল বচসা, যা মুহূর্তে হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, নিমাই সামন্তকে বেধড়ক মারধর করা হয়, লাঠির আঘাতে ফাটিয়ে দেওয়া হয় তাঁর মাথা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিমাই ও কমল দুজনেই গয়েশপুরের বাসিন্দা এবং একই সাথে দুজনেই বিজেপি কর্মী। বিজেপির পতাকা লাগানোর সময়ই তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। বচসা থেকে শুরু হয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বাঁশ ও কাঁচের বোতল দিয়েও আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নিমাই, আর তাতেই এলাকায় শুরু হয় চরম উত্তেজনা।
এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত কমল সামন্ত-সহ আরও এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহরায় এই ঘটনার কড়া সমালোচনা করে বিজেপিকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, ‘এই ধরনের ঘটনা প্রমাণ করে বিজেপি আসলে দুষ্কৃতীদের দল’।
অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি গণেশ চক্রবর্তী পাল্টা দাবি করেছেন, ‘এটি আদতে একটি পারিবারিক বিবাদ, যাকে তৃণমূল ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে’।


