Aaj India Desk, কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রায় ৬০ লক্ষ “বিচারাধীন” প্রার্থীর নথি যাচাই ও নিষ্পত্তির কথা থাকলেও, এত বড় সংখ্যার এই কাজ কতটা স্বচ্ছ ও সময়মতো হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি সুপ্রিম কোর্টকেও জানানো হয়েছিল। বৃহস্পতিবার নির্বাচন কমিশন অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কিন্তু বিতর্ক এখনও ঘোলা।”
রাজ্যের CEO অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ৫২ লক্ষ ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩৫-৪০ শতাংশের নাম বাদ পড়েছে। এখনও প্রায় ৮ লক্ষ ভোটারের নথি যাচাই বাকি রয়েছে, যা আগামী চার দিনের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করছে কমিশন। অন্যদিকে, বুধবার রাতে মালদার কালিয়াচকে জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করার ঘটনায় হাইকোর্ট নিযুক্ত অফিসারদের নিরাপত্তা বাড়তি গুরুত্ব পেতে শুরু করেছে, কমিশন সূত্রে এ খবর পাওয়া গেছে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল ২৮ মার্চ। তার পরেই সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের নথি যাচাইয়ের কাজ শুরু করেন জুডিশিয়াল আধিকারিকরা। রাজ্যে প্রথম দফার নির্বাচন নির্ধারিত ২৩ এপ্রিল। প্রথম দফার নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ার শেষদিন ৬ এপ্রিল। তাই সেই তারিখের আগে ভোটার তালিকা লক করার জন্য নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে।
অন্যদিকে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও যাঁদের নাম এবারও ওঠেনি, তাঁদের এখন ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। তবে ট্রাইব্যুনালের কার্যক্রম কবে শুরু হবে, তা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত স্পষ্ট নয়, যা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি করছে।


