কলকাতা: হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে দাবী করে সমাজমাধ্যমে গতকাল চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। তার ২৪ ঘন্টার মধ্যেই ইস্তেহার প্রকাশের সময় ‘সিন্ডিকেট’ এবং ‘কাট মানি’ কালচার চলছে বলে তৃণমূল কংগ্রেসকে ফের বিঁধেছেন অমিত শাহ (Amit Shah)। সেই বিজেপিকেই এবার ‘সিন্ডিকেট’ বলে তোপ দাগল তৃণমূল (TMC)।
এদিন বিজেপির প্রকাশিত ইস্তেহার ‘সংকল্প পত্র’-কে ‘ফাঁকা পাত্র’ বলে সমাজমাধ্যমে পোস্ট করে তৃণমূল। সম্প্রতি আসানসোল সাংগঠনিক জেলায় বিজেপির স্থায়ী আমন্ত্রিত সদস্য পদ দেওয়া হয়েছে ‘কয়লা মাফিয়া’ বলে অভিযুক্ত জয়দেব খাঁ-কে। এর আগেও এই নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। বিজেপির ইস্তেহার প্রকাশের পর সমাজমাধ্যমে ফের সেই জয়দেব খাঁ (Joydeb Khan)-এর সঙ্গে অমিত শাহের ‘সম্পর্ক’ নিয়ে কটাক্ষ করল শাসকদল। এক্সের পোস্টটিতে তৃণমূল (TMC) লেখে, “জুমলা: “সিন্ডিকেট কার্যকলাপ বন্ধ করো, ‘কাট মানি’ সংস্কৃতি নির্মূল করো।” বাস্তবতা: বিজেপি নিজেই সেই সিন্ডিকেট।”
X Link: https://x.com/AITCofficial/status/2042534728033824777
সেইসঙ্গে লেখা হয়, “কয়লা মাফিয়া চক্রের দাগী হোতা জয়দেব খাঁ অমিত শাহের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুলেছেন। পরবর্তীতে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।” হুমায়ুন কবিরকে সাম্প্রদায়িক অশান্তি তৈরির জন্য ১০০০ কোটি টাকার ডিল করা হয়েছে। এছাড়া, তৃণমূল তাদের পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও টেনেছে তৃণমূল।
দাবি করা হয়েছে, সারদা কাণ্ডের প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেনের একটি চিঠিতে তাঁর নাম উঠে এসেছে, যেখানে আর্থিক অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগের ইঙ্গিত রয়েছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে বিজেপির তরফে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে রাজ্য রাজনীতিতে পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগের ধারাবাহিকতা আরও তীব্র হচ্ছে। তবে হুমায়ুনের সঙ্গে ডিল প্রসঙ্গে এদিন অমিত শাহ (Amit Shah) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা মানুষ জানে না। উনি এরকম ভিডিও ২-৪ টে বানাতে পারেন। হুমায়ুন কবিরের পাশে বসার থেকে আমরা চিরকাল বিরোধী আসনে থাকতেই পছন্দ করব”।


