মুর্শিদাবাদ: বেলডাঙা (Beldanga) হিংসার ১৫ দিনের মাথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তে নামলো জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। গত ১৬ জানুয়ারি বেলডাঙায় অশান্তির পেছনে কে বা কারা আছে, এমনকি কোনও দেশবিরোধী শক্তির মদতে ওই ঘটনা ঘটেছিল কিনা তাও খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, প্রায় ৭-৮ জন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল শনিবার সকালেই মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছে। বেলডাঙা থানায় তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করবেন তাঁরা।
পরপর দু-দিন রণক্ষেত্র হয়ে ওঠে বেলডাঙা
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ঝারখন্ডে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga) । আলাউদ্দিনের মৃতদেহ নিয়ে ১২ নং জাতীয় সড়কে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। বেলা গড়াতেই বিক্ষোভ হিংসায় পরিণত হয়। ভাঙচুর, অগ্নিকান্ড, রেল-রাস্তা অবরোধে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বিকেলের দিকে জেলাশাসক ও পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কিন্তু পরের দিন ফের উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। র্যাফ নামিয়ে সিসিটিভি ফুটেজ এবং সমাজমাধ্যমের ছবি, ভিডিও দেখে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে একজন আসাউদ্দিনের মিম পার্টির নেতাও ছিলেন। ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবী জানায় বিজেপি।
কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, NIA তদন্ত হবে কিনা সেই সিদ্ধান্ত কেন্দ্রের হাতে। ঘটনার দু-সপ্তাহের মাথায় আনুষ্ঠানিকভাবে শুক্রবার বেলডাঙা (Beldanga) কান্ডের তদন্তভার NIA-এর হাতে তুলে দেয় স্বরাষ্ট্র মন্ত্রক।


