কলকাতা: সাম্প্রতিককালে বিভিন্ন রাজ্যের স্কুল, কলেজ, আদালত, পোস্ট অফিস, মেট্রো স্টেশন বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে, এমন হুমকি মেলে (Bomb Threat) স্ত্রস্ত গোটা দেশ। গত ১০ দিনে পশ্চিমবঙ্গের একাধিক আদালত, পোস্টঅফিস, পাসপোর্ট অফিসে বোমা বিস্ফোরণের হুমকি মেলে হুলুস্থুলু পড়ে যায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দিল্লি এমনকি গুজরাটেও এই ধরণের হুমকি মেল আসছে বলে জানা গিয়েছে।
এবার এইরকম হুমকি (Bomb Threat) মেল ছড়ানো এক অভিযুক্তকে গ্রেফতার করতে সফল হল পুলিশ। মঙ্গলবার গুজরাট ক্রাইম ব্রাঞ্চ এবং আহমেদাবাদ সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে এই অভিযানে বড় সাফল্য আসে। কয়েক দিনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫০টিরও বেশি ভুয়ো বোমা হুমকির (Bomb Threat) ইমেল পাঠানোর অভিযোগে নিউ ব্যারাকপুর থেকে গ্রেফতার হয়েছে সৌরভ বিশ্বাস (২৮) নামের এক যুবক। এই ইমেলগুলো স্কুল, আদালত, মেট্রো স্টেশন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
তদন্তকারীরা জানাচ্ছেন, মুম্বই, দিল্লি, গুজরাটসহ একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানে হুমকিমূলক (Bomb Threat) ইমেল পাঠানো হয়েছিল। লক্ষ্যবস্তুতে মুম্বই স্টক এক্সচেঞ্জের মতো সংস্থাও ছিল। নিরাপত্তা সংস্থাগুলো এখন সতর্ক অবস্থানে রয়েছে এবং আরও তদন্ত চালাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ইমেলগুলোর মাধ্যমে দেশে আতঙ্ক ছড়ানোর চেষ্টা ই-ক্রাইমের নতুন দিককে ফুটিয়ে তুলছে। পুলিশ জানিয়েছে, সৌরভ বিশ্বাসের সঙ্গে আরও সহযোগী থাকার সম্ভাবনা রয়েছে এবং অভিযান সেই দিকে সম্প্রসারিত হচ্ছে। ডিটেকশন অফ ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, “এই কাজের নেপথ্যে তার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধৃত যুবক নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর চিহ্নিত করে প্রযুক্তির মাধ্যমে নিজের লক্ষ্য হাসিল করতে চেয়েছিল।”


