কলকাতা: সিপিএমের সব পদ থেকে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন রাজনৈতিক জল্পনার কেন্দ্রবিন্দুতে প্রতীক উর রহমান (Pratik Ur Rahman)। শোনা যাচ্ছে, তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন। এমনকি আসন্ন বিধানসভা ভোটে ঘাসফুলের টিকিটে লড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না—এই গুঞ্জনেই সরগরম রাজ্য রাজনীতি।
ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম নেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahman) আচমকাই দলীয় সব পদ থেকে ইস্তফা দিয়ে আলোচনায় উঠে আসেন। সোমবার তাঁর একটি চিঠি প্রকাশ্যে আসে, যেখানে তিনি জানান, দলের কিছু সিদ্ধান্তের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। মানসিক অস্বস্তির কথাও উল্লেখ করে জেলা ও রাজ্য কমিটি-সহ প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।
চিঠিটি কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে পরে ক্ষোভও প্রকাশ করেন প্রতীক উর। তিনি জানান, বিষয়টি নিয়ে দলকেও প্রশ্নের মুখে দাঁড় করাবেন।
এই ঘটনার পরই মঙ্গলবার সকাল থেকে নতুন গুঞ্জন ছড়ায়—প্রতীক উর নাকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সঙ্গে যোগাযোগ করেছেন। চলতি সপ্তাহেই তাঁর তৃণমূলে যোগদান হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
শুধু যোগদানই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে তৃণমূলের (TMC) প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য আসন হিসেবে মগরাহাট পূর্ব বা মগরাহাট পশ্চিমের নাম ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। এই দুই কেন্দ্রে বর্তমানে তৃণমূলের বিধায়ক রয়েছেন, ফলে প্রতীক উরকে প্রার্থী করা হলে দলের অন্দরে সমীকরণে বদল আসতে পারে।
তবে এই সব জল্পনা নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল বা প্রতীক উরের (Pratik Ur Rahman) তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। শেষ পর্যন্ত এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলবে।


