Aaj India Desk, কলকাতা: ২০২৬-এর বিধানসভা ভোট ঘিরে ক্রমশ তাপ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। এর মধ্যেই শুক্রবার বিকেল ৪টায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার (TMC Manifesto) প্রকাশ করতে চলেছেন দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কৌশল ঠিক করতে বৈঠক
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ভবানীপুরের একাধিক ওয়ার্ডের কাউন্সিলর এবং বুথ লেভেল কর্মীরা। ওই বৈঠকেই নির্বাচনী কৌশল চূড়ান্ত করা হয় বলে জানা যায়।
ম্যানিফেস্টো ঘিরে জল্পনা
নির্বাচনের আগে টিএমসি কী ধরনের ভোটকৌশল গ্রহণ করতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইস্তাহারে (TMC Manifesto) পুরনো প্রকল্পগুলিকে আরও শক্তিশালী করার পাশাপাশি কিছু নতুন উদ্যোগের সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে। ভবানীপুরে প্রচারের জন্য ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ এই স্লোগানকে সামনে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র হওয়ায় ভবানীপুরে প্রচারে বিশেষ জোর দিচ্ছে তৃণমূল।
নতুন ভোটারদের টানার লড়াই
বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। বিদ্যমান সামাজিক প্রকল্পগুলি নিয়ে এই বছরে বহু নেতিবাচক মন্তব্য উঠে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি এবং যুবসাথীর মতো কর্মসংস্থানমুখী প্রকল্প তরুণ ও মহিলা ভোটব্যাঙ্ককে ধরে রাখার কৌশল হিসেবে দেখা হলেও শুধুমাত্র পুরনো প্রতিশ্রুতি যথেষ্ট হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আবার অন্যদিকে নতুন ভোটারদের আকৃষ্ট করাও সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ম্যানিফেস্টোতে (TMC Manifesto) যদি নতুন সামাজিক নিরাপত্তা প্রকল্প, কর্মসংস্থান বা নগর উন্নয়ন সংক্রান্ত ঘোষণাগুলি থাকে, তবে তা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শহরাঞ্চল এবং মধ্যবিত্ত ভোটারদের লক্ষ্য করে কোনও নতুন বার্তা দেওয়া হলে তা তাৎপর্যপূর্ণ হবে। বিজেপির আক্রমণাত্মক প্রচারের প্রেক্ষাপটে তৃণমূলের এই ইস্তাহার প্রতিরোধমূলক ও আক্রমণাত্মক, দুই কৌশলই বহন করতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, আজকের ঘোষণায় তৃণমূল নতুন কী বার্তা দেয় এবং তা আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলে।


