কলকাতা: সোমবার সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলার রায়দানের সাথে সাথেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। বারাসাতের রণ সংকল্প সভা থেকে এপ্রিলের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর ‘হুংকার’ ছাড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, “বিজেপির এসআইআরের খেলা শেষ। আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো”।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (SIR) “তথ্যগত অসঙ্গতির” কারণ দর্শীয়ে বাদ পড়েছিল প্রায় ১ কোটি ৩৪ লক্ষ ভোটারের নাম। বাদ পড়া ভোটারদের শুনানিতে ডাকার পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৯৪ লক্ষে। এসআইআরের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। সোমবার সেই মামলার শুনানিতে কার্যত তৃণমূলের পক্ষেই রায় দেয় বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ।
“তথ্যগত অসংগতি”-এর কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষদের নামের তালিকা প্রকাশের পাশাপাশি, শুনানিকেন্দ্রে বিএলএ-দের উপস্থিত থাকার অনুমতি ও শুনানির জন্য কারও কাছ থেকে নথি গ্রহণ করা হলে তাঁর পরিবর্তে স্থানীয় কর্তৃপক্ষকে রসিদ দিতে হবে বলে, বলেও জানালো সুপ্রিম কোর্ট (Supreme Court)। সর্বোচ্চ আদালতের এই রায়কে হাতিয়ার করে ভোটের আগে নির্বাচন কমিশন সহ বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল নেতৃত্ব।
বারাসাতের সভা থেকে কি বললেন অভিষেক?
সোমবার বারাসাতে রণ সংকল্প সভা থেকে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সাংসদ বলেন, “যারা বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিল, ভোটারাধিকার কেড়ে নিতে চেয়েছিল, সর্বোচ্চ আদালত তাদের গালে চড় কশিয়ে দিয়েছে। আমরা তো এটাই চেয়েছিলাম”। এরপর বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “বিজেপি চেয়েছিল, যারা ওদের ভোট দেয়না, তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে জব্দ করবে। তাই তাই ১ কোটি নাম বাদ দিতে চেয়েছিল কমিশন-মোদী সরকার। আজকে তো সুপ্রিম কোর্ট ওদের ভোকাট্টা করে দিল!”
রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ
অন্যদিকে, এসআইআর প্রক্রিয়ায় মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে তৃণমূলের লোকেরা ফর্ম-৭ জমা দিতে দিচ্ছে না বলে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভে নেমেছে বিজেপি। তাদের দাবী, এটা তৃণমূলের মৃত, স্থানান্তরিত ভোটারদের তালিকায় রেখে ভোট বাড়ানোর কৌশল। ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে ধর্না, বিক্ষোভ-অবস্থান করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এমনকি, ফর্ম-৭ জমা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের তরফে স্পষ্ট নির্দেশিকা আসা সত্ত্বেও ফর্ম জমা দিতে দেওয়া হচ্ছে না বলে দাবী তাদের।


