24.4 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

ভোটাধিকার নিয়ে ধোঁয়াশা সংখ্যালঘু গ্রামে, বিজেপিকে নিশানা সিপিএম-তৃণমূলের !

Aaj India Desk, বাঁকুড়া : ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় চলছে বিতর্ক। ওই বিতর্কে নতুন আগুন দিল বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোল গ্রাম।

সূত্র অনুযায়ী, এই সংখ্যালঘু গ্রামে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশের পর দেখা যায় এক-তৃতীয়াংশ ভোটারের নামের উপরে ‘Under Adjudication’ লেখা হয়েছে। ফলে গ্রামের ৮,৫৫৩ জনের ভোটাধিকার এখন বিচারাধীন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই পরিস্থিতি গ্রামবাসীদের মধ্যে বড় উদ্বেগ তৈরি করেছে।

প্রতিটি পরিবারেই সমস্যা 

স্থানীয়দের বক্তব্য, তারা বহু বছর ধরেই ভোট দিয়ে আসছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় নথি দিয়ে তারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। শুনানির জন্য ডাকা হলে আবারও ভোটার পরিচয় সংক্রান্ত বৈধ নথি দেখানো হয়েছে। তবুও কেন তাদের নাম ভোটার লিস্টের (Voter List) ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কিছু গ্রামবাসীর অভিযোগ, এর পেছনে কোনও ‘চক্রান্ত’ থাকতে পারে। গ্রামবাসীদের দাবি, গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই অন্তত একজন ভোটারের ক্ষেত্রে এই জটিলতা দেখা দিয়েছে।

চলছে রাজনৈতিক চাপানউতোর

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল সরগরম। সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম বলেন, “এরা ২০০২ সালেও ভোট দিয়েছেন। এরপর লোকসভা, বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিয়েছেন। এখন হঠাৎ করে তাদের নাম বিচারাধীন করা হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্র দু’পক্ষকেই এর জবাব দিতে হবে।”

অন্যদিকে তৃণমূল যুব সভাপতি মণিশঙ্কর মুখার্জি বলেন, “যেসব বুথে তৃণমূল বেশি ভোট পেয়েছে, সেখানেই এই ঘটনা ঘটছে। বিজেপি বাইরে থেকে লোক এনে জিততে চাইছে, কিন্তু তা সম্ভব হবে না।”

বিজেপির পাল্টা দাবি

তবে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বলেন, “ওরা বাংলাদেশ থেকে এসেছে। ভুয়ো ভোটার কার্ড দেওয়া হয়েছিল। কমিশন আলাদা করে তাদের চেনে না বলেই যাচাই করছে। যথাযথ নথি না থাকায় বিষয়টি ভোটার তালিকায় (Voter List) বিবেচনাধীন রাখা হয়েছে।”

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে। ফলে আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে পুনিশোল গ্রামের বহু মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। ভোটাধিকার নিয়ে এই জটিলতা কবে মিটবে, এখন তারই অপেক্ষায় গ্রামবাসীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন