Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : দোলের আবহে রঙের উচ্ছ্বাস থাকার কথা ছিল। কিন্তু দুপুরবেলাই রাজপুর-সোনারপুরের (Rajpur – Sonarpur) দোলতলায় ছড়ায় উত্তেজনা। বাইক পার্কিংকে কেন্দ্র করে শুরু হওয়া কথাকাটাকাটি মুহূর্তের মধ্যে রূপ নেয় হাতাহাতিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে রাজপুর-সোনারপুরের (Rajpur – Sonarpur) দোলতলা এলাকায় একটি বাড়ির সামনে বাইক রাখাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। অভিযোগ, কথা কাটাকাটির জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা মারামারিতে পরিণত হয়। দু’পক্ষের লোকজন একে অপরের উপর চড়াও হন বলে অভিযোগ। ইট-পাটকেল ছোড়া এবং হাতাহাতির ঘটনাও ঘটে। এতে কমপক্ষে পাঁচ থেকে ছয় জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের মাথা ও হাতে চোট লেগেছে বলে জানা গিয়েছে।
এদিকে, ঘটনার সময় মহিলাদের সঙ্গে অসদাচরণেরও অভিযোগ উঠেছে। এক পক্ষের দাবি, মারামারির সময় কয়েকজন মহিলা শারীরিক হেনস্থার শিকার হন। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, “এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে, তবে এর আগে এমন রাস্তায় মারামারি করেনি কেউ। ইট পাটকেল ছুড়ে মারায় অনেকেই জখম হয়েছেন।”
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজপুর-সোনারপুর (Rajpur – Sonarpur) থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় টহল শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি। তবে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।


