Aaj India, কলকাতা: বাংলার ভোট-রাজনীতিতে অবশেষে কাটল জল্পনা। প্রধানমন্ত্রী Narendra Modi-র নির্বাচনী প্রচার শুরু নিয়ে যে কৌতূহল তৈরি হয়েছিল, তারই অবসান ঘটল শুক্রবার।
গত ১৪ মার্চ ব্রিগেডে জনসভা করে বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন মোদী। তার ঠিক পরদিনই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (ECI,) ঘোষণা করে দেয় নির্বাচনের নির্ঘণ্ট। এরপর থেকেই প্রশ্ন ছিল — কবে বাংলার মাটিতে নামবেন প্রধানমন্ত্রী? বঙ্গ বিজেপির(BJP) একাংশ চেয়েছিল রামনবমীর দিন থেকেই প্রচার শুরু হোক। মার্চের শেষ দিকেও প্রচার শুরু হতে পারে বলে জোর জল্পনা চলছিল। অবশেষে বিজেপি সূত্রে খবর, আগামী ৫ এপ্রিল থেকেই বাংলায় নির্বাচনী প্রচারে নামছেন প্রধানমন্ত্রী। প্রথম জনসভা অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। রাজনৈতিক মহলের মতে, কৌশলগত ভাবেই উত্তরবঙ্গকে বেছে নেওয়া হয়েছে প্রচারের সূচনাস্থল হিসেবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে উঠে এসেছে। পরবর্তী নির্বাচনগুলিতেও সেই সমর্থন ধরে রেখেছে গেরুয়া শিবির। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের ভোটাররা বিজেপিকে নিরাশ করেনি। এবারের নির্বাচনেও সেই ধারা বজায় থাকবে বলেই আশাবাদী রাজ্য নেতৃত্ব। এবার বাংলায় ভোট হবে দুই দফায় – ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোট গ্রহণ হবে প্রথম দফাতেই। তাই প্রথম পর্যায়ের আগে জনমত সংগঠনে জোর দিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)ইতিমধ্যেই বাংলায় পৌঁছচ্ছেন। শনিবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করার কথা রয়েছে তাঁর। ফলে ভোটের আগে রাজ্যে রাজনৈতিক পারদ আরও চড়তে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


