কলকাতা: শুক্রের পর শনিবারেও উত্তপ্ত বিধানসভা অধিবেশন (Legislative Assembly)। মাদ্রাসা মন্তব্যে বিধানসভায় স্বাধীকার ভঙ্গের নোটিশ পেলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। নোটিশ পেশ করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপরেই তুমুল বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে এদিন ফের অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি।
অগ্নিমিত্রার মাদ্রাসা মন্তব্য
বস্তুত, শুক্রবার বিধানসভা অধিবেশনে (Legislative Assembly) বাজেট নিয়ে আলোচনায় মুসলিম সম্প্রদায় ও মাদ্রাসা নিয়ে মন্তব্যে বিতর্কে জড়ান বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর প্রশ্ন ছিল, কেন কেউ মাদ্রাসায় পড়ে ডাক্তার বা ইঞ্জিনিয়র হচ্ছে না? কেন তাঁদের মধ্যে কেউ কেউ ক্রিমিনাল হচ্ছে? অগ্নিমিত্রার এই মন্তব্যে বিধানসভায় ধুন্ধুমার বেঁধে যায়।
তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম প্রতিবাদ জানিয়ে বলেন, “স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অনেক মুসলিম জড়িত ছিলেন, আব্দুল কালাম ক্রিমিনাল? কাজী নজরুল ইসলাম ক্রিমিনাল? আমরা ক্রিমিনাল নই। আপনাদের ধিক্কার জানাই। আপনাকে ক্ষমা চাইতে হবে”। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অধ্যদ্ধ বিমান বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রা (Agnimitra Paul) পালকে সতর্ক করে বলেন, “এধরণের শব্দ ব্যবহার করা যাবে না”।
নিষেধাজ্ঞার প্রেক্ষিতে অগ্নিমিত্রা বলেন, স্বাধীনতা আন্দোলনে সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান অস্বীকারযোগ্য নয়। তবে রাজ্য সরকারের নীতি শুধু ক্রিমিনাল তৈরি করছে এবং সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, রাজ্যে এত হিংসার ঘটনা কেন প্রায়শই শুক্রবার সংঘটিত হয়? অগ্নিমিত্রার দাবী, তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাঁরা যে বলে বিজেপি সংখ্যালঘুদের বিরোধী, একথা সত্য নয়।
স্বাধীকার ভঙ্গের নোটিশ
শাসকদলের দাবী, বিজেপি বিধায়িকার এই মন্তব্য কেবল আপত্তিকরই নয় বরং, সংবিধানবিরোধীও বটে। এই মন্তব্যে বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবী করে তৃণমূল। এরপর অগ্নিমিত্রার (Agnimitra Paul) বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ পেশ করা হয়। সেই প্রস্তাব বিধানসভার (Legislative Assembly) প্রিভিলেজড কমিটিতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে নিন্দা সূচক প্রস্তাব আনা হয়েছে বলে দাবী করে এদিন ফের ওয়াক আউট করে বিজেপি।


