কলকাতা: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরুর আগে থেকে আতঙ্ক-মৃত্যুর অভিযোগ, এখনও বিদ্যমান! চূড়ান্ত তালিকা (SIR Final Voter List) প্রকাশের পরও অব্যাহত মৃত্যুমিছিল। এই অভিযোগে ফের কমিশন-বিজেপিকে তুলোধোনা করল তৃণমূল কংগ্রেস। বস্তুত, রবিবার রাত থেকে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় (SIR Final Voter List) নাম ‘বিবেচনাধীন’ (Under Adjudication) থাকায় চারজনের মৃত্যুর অভিযোগ ওঠে।
মঙ্গলবার রাতেও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এক ভ্যাঞ্চালক বলে অভিযোগ। পাশাপাশি, জলপাইগুড়িতে নামের পাশে “ডিলিটেড” থাকায় আতঙ্কে আত্মহত্যা করেছেন এক মোমো বিক্রেতা বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। মগরাহাটের উস্তি থানার ঘোলা নয়পাড়ার বাসিন্দা পেশায় ভ্যানচালক রফিক আলী গাজীর মৃত্যুতে সুর চড়িয়েছে শাসক শিবির।
X link: https://x.com/AITCofficial/status/2029079865375228201
মৃত রফিক শেখের পরিবারের পাশে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের একটি প্রতিনিধি দল মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। ময়নাতদন্ত শেষ হলে দেহ নিয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
পাশাপাশি জলপাইগুড়ির মোমো বিক্রেতা গৌরাঙ্গ দে-র মৃত্যু নিয়ে এক্সে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। বিএজপি-কমিশনকে একযোগে বিঁধে তৃণমূলের ওই পোস্টে লেখা হয়, “এই অশুভ বিজেপি-ইসিআই জোট দরিদ্র, প্রান্তিক এবং বাংলার ন্যায্য ভোটারদের অভূতপূর্ব মাত্রায় ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য একটি পরিকল্পিত চক্রান্ত বাস্তবায়ন করছে।”
বিবেচনাধীন প্রায় ৬৩ লক্ষ
শনিবার প্রকাশিত এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় (SIR Final Voter List) রাজ্যের প্রায় ৬৩ লক্ষ মানুষ “বিবেচনাধীন” (Under Adjudication) অবস্থায় রয়েছেন। অর্থাৎ এই ভোটারদের ভোটার যোগ্যতা যাচাই-বাছাই চলছে এবং তারা চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে কি না তা এখনও নিশ্চিত নয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের মোট ভোটার সংখ্যা আপডেট হওয়া তালিকায় প্রায় ৭.০৮ কোটি। বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের মধ্যে অনেকের তথ্য বা কাগজপত্রে অসামঞ্জস্য ধরা পড়েছে, যার কারণে তাঁদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা স্থগিত রাখা হয়েছে।


