স্নেহা পাল, জলপাইগুড়ি : মাদক কারবার রুখতে বুধবার জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে সরাসরি মাঠে নামলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর।
জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের ১২ নম্বর ওয়ার্ড এলাকায় রেলের জমিতে অবৈধভাবে একটি ক্লাবঘর তৈরি করে সেখানে মাদক কারবার চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। দিন-রাত ওই জায়গায় নেশাগ্রস্তদের আনাগোনার জেরে এলাকায় স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে মহিলাদের প্রায়ই সমস্যায় পড়তে হত। এলাকায় দুটি হাইস্কুল থাকায় স্কুলছাত্রীদেরও বিভিন্নভাবে উত্যক্ত করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় ক্ষোভ জমছিল।
এই পরিস্থিতিতে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মণীন্দ্রনাথ বর্মন। বুধবার তিনি স্থানীয় বাসিন্দাদের নিয়ে ওই অবৈধ কাঠামো ভাঙার কাজে হাত দেন। প্রত্যক্ষদর্শীদের মতে, লোহার শাবল ও হাতুড়ি ব্যবহার করে ভাঙার কাজে সরাসরি অংশ নেন কাউন্সিলর। তাঁর সঙ্গে এলাকার বহু মানুষও যুক্ত হন।
বাসিন্দাদের একাংশের বক্তব্য, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও মাদক কারবার বন্ধ হয়নি। তাই জনপ্রতিনিধির এই উদ্যোগে তাঁরা স্বস্তি পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।
এলাকার মানুষজনের দাবি, শুধু একদিনের অভিযান নয়, ভবিষ্যতেও যাতে ওই এলাকায় মাদক কারবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন। জনপ্রতিনিধির পাশাপাশি প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়েও আশাবাদী তাঁরা।


