স্নেহা পাল, কলকাতা: শূন্যপদ যাচাই না করেই কর্মী বদলির নির্দেশ দেয় SSC। বুধবার ঘটনায় কড়া অসন্তোষ প্রকাশ কলকাতা হাই কোর্টের।
বীরভূমের বাসিন্দা পার্থসারথি দলুই ২০১৩ সালে গ্রুপ ডি পদে চাকরি পান। কর্মস্থল ছিল বাড়ি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। দীর্ঘদিন যাতায়াতের পর শারীরিক অসুস্থতা ও স্ত্রীর গুরুতর কিডনি সমস্যার কারণে ২০২০ সালে তিনি বাড়ির কাছাকাছি স্কুলে বদলির আবেদন করেন।
বদলি নিয়ে জটিলতা
প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর SSC নিকটবর্তী একটি স্কুলে যোগদানের নির্দেশ দেয়। কিন্তু সেখানে যাওয়ার পর তাঁকে জানানো হয় যে স্কুলে কোনও শূন্যপদ নেই।
প্রশাসনিক দ্বন্দ্বে হাইকোর্ট
বিষয়টি নিয়ে পার্থসারথি জেলা স্কুল পরিদর্শক ও SSC চেয়ারম্যানের দপ্তরে একাধিকবার যোগাযোগ করলেও স্পষ্ট উত্তর পাননি বলে অভিযোগ। শেষ পর্যন্ত তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
শুনানিতে আবেদনকারীর আইনজীবী জানান, মানবিক কারণ ও নিয়ম মেনেই বদলির আবেদন করা হয়েছিল। কিন্তু বাস্তব শূন্যপদ যাচাই না করেই নির্দেশ দেওয়ায় কর্মীকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হয়েছে।
কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, মৌলিক তথ্য যাচাই না করে বদলির নির্দেশ আসলে প্রশাসনিক অবহেলার উদাহরণ। আদালত দ্রুত পার্থসারথি দলুইকে উপযুক্ত শূন্যপদ থাকা কোনও স্কুলে বদলি করার নির্দেশ দেয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।


