স্নেহা পাল, হাওড়া : পশ্চিমবঙ্গে ফের বন্ধ হল একটি জুটমিল (Jute Mill)। হাওড়ার চেঙ্গাইল এলাকায় প্রেমচাঁদ জুটমিলের গেটে সোমবার সকালে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। এর জেরে এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়েন প্রায় চার হাজার শ্রমিক ও কর্মচারী।
সোমবার সকালে মিলের গেটে নোটিস ঝুলতে দেখেন শ্রমিকেরা। তাতে জানানো হয়েছে, পাট শিল্পে চলমান মন্দার কারণে আপাতত মিলের কাজ বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন চালানো সম্ভব নয় বলেই দাবি কর্তৃপক্ষের।
মিল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বড় ধাক্কা এসেছে শ্রমিক পরিবারগুলির উপর। বহু কর্মী জানিয়েছেন, কোনও আগাম সতর্কতা ছাড়াই কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। নিয়মিত আয় বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো, সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা খরচ নিয়ে তাদের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে।
যদিও কারখানা কর্তৃপক্ষ নোটিসে উল্লেখ করেছে, ভবিষ্যতে পরিস্থিতি অনুকূল হলে মিল ফের চালু করার চেষ্টা করা হবে। তবে কবে তা সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানানো হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক জুটমিল (Jute Mill) বন্ধ বা আংশিকভাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে শুধু কোনো একটি নির্দিষ্ট মিল নয়, গোটা পাট শিল্পের ভবিষ্যৎ নিয়েই উদ্বেগ বাড়ছে। একের পর এক জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় স্থায়ী কাজ হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় পরিবার নিয়ে তাঁদের জীবিকা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে, যা রাজ্যের শিল্প ও শ্রম পরিস্থিতির উপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।


