কলকাতা: রাজ্যজুড়ে বোমাতঙ্কের (Bomb Threat) পেছনে আইএসআই? শুক্রবার সকালে ফের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি কোচবিহার, কাটোয়া, বাঁকুড়া, হাওড়ার পোস্টঅফিসে। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় হেড পোস্ট অফিস। আরডিএক্স বিস্ফোরণের হুমকি দেওয়া হয় ইমেলে। বলা হয়, গতকাল হুঁশিয়ারি ছিল, আজ ঘটবে RDX বিস্ফোরণ!
শুক্রবার জিহাদ ঘটবে বলে উল্লেখ করা হয়েছে ওই হুমকি ইমেলে বলে জানা গিয়েছে। খবর পেয়েই তড়িঘড়ি পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসে পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল, পুলিশ ও স্নিফার ডগ। পরপর দুদিন সপ্তাহের কাজের দিনে খালি করে দেওয়া হয় কোচবিহার, কাটোয়া, হাওড়া, বাঁকুড়ার মুখ্য ডাকঘর! পোস্টমাস্টাররা জানান, সকাল ১১ টা নাগাদ এই মেল আসে। জানা গিয়েছে, আইএসআইয়ের তরফে এই হুমকি মেল পাঠানো হয়েছে।
কলকাতা সহ একাধিক পাসপোর্ট অফিস উড়িয়ে দেওয়ার হুমকি আসে গতকাল
উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্কের পর বিস্ফোরণের (Bomb Threat) হুমকি মেল আসা শুরু হয়েছে এবার পাসপোর্ট অফিস, ডাকঘরে। বৃহস্পতিবার কলকাতা সহ আসানসোল , বর্ধমান ও হাওড়ার বিভিন্ন পোস্ট অফিস বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসে।
তড়িঘড়ি পাসপোর্ট অফিস খালি করে তল্লাশি অভিযান চালায় পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং স্নিফার ডগ। প্রায় দেড় থেকে দুই ঘন্টা তল্লাশির পরও মেলেনি কোনোরকম সন্দেহজনক ইঙ্গিত। তবে গতকালের ঘটনা হুঁশিয়ারি ছিল। জুম্মাবারেই ঘটবে আসল বিস্ফোরণ বলে এদিন সকালে ফের হুমকি মেল আসে।
আতঙ্কে সাধারণ মানুষ
শুক্রবার, কাজের দিনে এমনিতেই ডাকঘর, পাসপোর্ট অফিসে মানুষের ভিড় থাকে। সপ্তাহান্তে জরুরী কাজ সেরে নিতে ভিড় জমান সাধারণ মানুষ। কিন্তু এইভাবে বোমাতঙ্কে (Bomb Threat) প্রাণসংশয় তো রয়েছেই পাশাপাশি, কাজকর্মও ব্যহত হচ্ছে বলে জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দফতরের কর্মীরা।


